বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে আদানির ধন্যবাদ

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্বল্প সময়ের জন্য ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ফিরে গেছেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি।

শনিবার (১৫ জুলাই) দুপুরে সাড়ে তিন ঘণ্টা সফর শেষে তিনি আবার ভারতে ফিরে গেছেন। ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হওয়ায় গৌতম আদানি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে এসেছিলেন বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ঝাড়খন্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ উৎপাদন শুরু করেছে। একারনে গৌতম আদানি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে এসেছিলেন। বিদ্যুৎকেন্দ্রটি থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ দিয়ে গেলেন গৌতম আদানি

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, গৌতম আদানি শনিবার সকাল ১০টার দিকে নিজস্ব উড়োজাহাজে ঢাকায় অবতরন করেন। এরপর বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বেলা সোয়া একটার দিকে তিনি আবার ওই নিজস্ব উড়োজাহাজেই ঢাকা ত্যাগ করেন।

এদিকে, গৌতম আদানি দুপুর ১টা ৪০ মিনিটে তার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে টুইট করেন। এতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত। ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে তিনি স্যালুট জানান, যারা করোনা মহামারির মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে তিন বছরে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। গত মার্চ মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এরপর গত ৬ এপ্রিল বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ২৫ জুন রাত ১২টায় দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

উল্লেখ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে। চুক্তি অনুযায়ী পিডিবি আগামী ২৫ বছর আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনে নেবে। তবে আমদানি করা কয়লার দাম নিয়ে আপত্তি উঠলে পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দামের চেয়ে তাদের কয়লার দাম বেশি হবে না বলে আদানির প্রতিনিধিদল প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এখন পর্যন্ত আদানির বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশের পিডিবি কোনো বিল পরিশোধ করেনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102