

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কাল বুধবার লিথুনিয়ায় মুখোমুখি সাক্ষাৎ করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন ন্যাটো সম্মেলনে এটা নিশ্চিত করা হবে যেন ইউক্রেন ইতিমধ্যে এই জোটের ডি ফ্যাক্টো সদস্য।
ন্যাটোর দুইদিনব্যাপী বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। এদিকে বৈঠক শুরুর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ান বাহিনী কিয়েভে রাতভর বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের একজন জেনারেল সেরহি পোপকো বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, চলতি মাসে দ্বিতীয়বারের মতো কিয়েভে বিমান হামলা চালিয়েছে শত্রু বাহিনী।
তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া সকল ইরানি তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে বলে পোপকো দাবি করেছেন। এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশিদিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
নিউজ /এমএসএম