

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যত কথাই বলুক না কেন আগামী নির্বাচনেও বিএনপিকে আসতে হবে। আশা করব ২০১৮ সালের মতো গাধার জল ঘোলা করে খাওয়ার মতো নয়, এবার আগে থেকে প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে তারা।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উন্নয়ন সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের ঈদের পর সর্বশক্তি দিয়ে সরকার পতনে এক দফা আন্দোলনের ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান বলেন, ‘বিএনপি ও মির্জা ফখরুল সাহেবের মুখে দোতারার সুরের মতো করে এক দফার আন্দোলন আমরা সবসময় শুনতে পাচ্ছি। কিন্তু উনারা কতটুকু আন্দোলন করতে পারবে সেটা আমরা জানি। ২০১৩, ১৪ ও ১৫ সালে মানুষ পোড়ানোর মহোৎসব আমরা দেখেছি। সেটি আমরা সামাল দিয়েছি, সরকার পাঁচ বছর টিকেছে। এরপর ২০১৮ সালে আবার নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে গাধা জল ঘোলা করে খাওয়ার মতো করে বিএনপি নির্বাচনে এসেছিল।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ভিত জনগণের গভীরে প্রোথিত। আমাদের ধাক্কা দিতে গেলে বিএনপিই ধাক্কা খেয়ে পড়ে যাবে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি মহাসচিব ফখরুল সাহেবরা মাঝেমধ্যেই এক দফার আন্দোলন ঘোষণা দেন। উনারা ২০১৩ সালে, আবার ২০১৮ সালেও এক দফা আন্দোলন করেছিলেন। কিছুদিন আগেও বলেছিল, এক দফা আন্দোলন। ফলে তাদের এক দফা আন্দোলন এখন দোতারার সুরের মতো শোনায়।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম