মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মজলিসপুরে যাত্রীবাহী বাস–কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে দুর্ঘটনার পর এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ঢাকা থেকে সিলেটগামী একটি রিয়েল কোচ পরিবহনের বাস মজলিসপুরে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালকসহ বাসের ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রাত ১১টায় আহতদের আত্মীয় বরাত দিয়ে জানাযায়, আহতদের মধ্যে কাভার্ডভ্যান চালকসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব জানান, আহতদের উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে, এদের মধ্যে কাভার্ডভ্যানচালকের অবস্থা গুরুতর। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।