মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে শনিবার (১৭ জুন) একজন নিহত ও ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে দুদিনে শ্রীমঙ্গলে বজ্রপাতে ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।
শনিবার (১৭ জুন) বেলা আড়াইটায় উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানে বাড়ির উঠানে আকস্মিক বজ্রপাতে রিপন কালিন্দী(২৮) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের পিতা নরেশ কালেন্দি বলেন, আমার ছেলে দুপুর আড়াইটায় মাছ শিকারের জন্য বাড়ির উঠানে মশারীর কাপড় দিয়ে জাল প্রস্তুত করছিল। হঠাৎ তার উপর বাজ পড়ে। সঙ্গে সঙ্গে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যৃ হয়।
অপরদিকে বিকেল ৪টায় বজ্রপাতে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মাকড়িছড়া চা বাগানের চা শ্রমিক অনিতা মালী(২৩) ও বিশাকা রায়(২৫) আহত হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এবিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান বলেন, রিপন কালিন্দী নামে এক চা শ্রমিক-কে জাগছড়া চা বাগান এলাকা থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আর মাকড়িছড়া চা বাগান থেকে আহত অবস্থায় আসা দুইজন চা শ্রমিককে চিকিৎসা দেয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, বজ্রপাতে নিহত চা শ্রমিকের বাড়িতে আমি এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় গিয়েছি। তাদের শেষকৃত্য সম্পন্নের জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে নগদ বিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এসময় কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাও উপস্থিত ছিলেন।