

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশবরেণ্য অর্থনীতিবিদ, বিশিষ্ট কূটনীতিবিদ, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত ছিলেন বাংলাদেশে পরিবেশ আন্দোলনের একজন পথপ্রদর্শক। তিনি পরিবেশ আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত বাপা-এর প্রতিষ্ঠাতা সভাপতি। এর আগে তিনি ‘পরশ’ নামে একটি পরিবেশবাদী গ্রুপেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তার মতো সবাই পরিবেশ সচেতন হলে দেশের সার্বিক পরিবেশের উন্নয়ন হবে। মন্ত্রী বলেন, তিনি ক্রীড়াক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অসমান্য প্রতিভাবান মুহিত সাহেব ছিলেন দেশের একজন সত্যিকারের কিংবদন্তি।
শুক্রবার (১৯ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশ বিচিত্রার সম্পাদক আলাউদ্দিন আল আজাদের সম্পাদনায় ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘকাল অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী সিলেটের এই কৃতী সন্তান তাঁর সময়োপযোগী প্রাজ্ঞ কর্মপরিকল্পনা ও সিদ্ধান্তে একটি দৃঢ় ভিত্তির অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বহুমুখী প্রতিভার অধিকারী দেশের এই কৃতী সন্তান তাঁর সুদীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, জনসেবা এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অবদান রেখেছেন। তিনি পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসের প্রথম কূটনীতিক যিনি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেছিলেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে ও এ কে এম নুরুল ফজল বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, প্রফেসর ড. সৈয়দ মোদাচ্ছের আলী, ইনাম আহমেদ চৌধুরী ও শাইখ সিরাজ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের বোন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন এবং তার বন্ধু, সুহৃদ, পেশাগত ও রাজনৈতিক সহকর্মীগণ প্রয়াত আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো.কুতুব উদ্দিন সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম