

সেবা প্রদান প্রতিশ্রুতি(সিটিজেন চার্টার) কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে চা শিল্পের স্টেকহোল্ডারদের নিয়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে (মঙ্গলবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়াধীন বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের সভা কক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে চা শিল্পের স্টেকহোল্ডারদের সমন্বয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব) ও সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ শামীম আল মামুন। চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ, কে, এম, রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান জিএম শিবলী ও নর্থ সিলেট ভ্যালীর চেয়ারম্যান নোমান হায়দার চৌধুরী। এছাড়াও সভায় বিভিন্ন চা বাগানের সিনিয়র প্লান্টার, মহাব্যবস্থাপক, ব্যবস্থাপকগণসহ বিটিআরআই এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্ভাবনী বিটিআরআই এর সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন বিটিআরআই এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইসমাইল হোসেন। সভায় বিটিআরআই হতে চা বাগানসমূহে যে সমস্ত সেবা প্রদান করা হয়, যেমন নাগরিক সেবা, প্রাতিষ্ঠানিক সেবা, অভ্যন্তরীণ সেবাসমূহের বিষয়ে বিষদ আলোচনা করা হয়। প্রতিশ্রুত সেবা প্রদানের মধ্যে চা বাগানসমূহে উপদেশ প্রদান, চা বাগান পরিদর্শন, মৃত্তিকা নমুনা বিশ্লেষণ, রাসায়নিক সার, পানি ও ডলোমাইট নমুনা বিশ্লেষণ, ভার্মিকম্পোস্ট নমুনা বিশ্লেষণ, সবুজ পাতার নমুনা বিশ্লেষণ, তৈরী চা নমুনার গুনগতমান বিশ্লেষণ, তৈরী চায়ের রেসিডিউ মাত্রা বিশ্লেষণ, বাগানের চাহিদাক্রমে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, নতুন উদ্ভাবিত চায়ের উচ্চ ফলনশীল ক্লোন চারা ও উন্নত জাতের বীজ সরবরাহ উল্লেখযোগ্য।
উল্লিখিত সেবা সমূহ কিভাবে প্রদান করা হয়, আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র, সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি, সেবা প্রদানে সর্বোচ্চ সময় ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও সভায় আরও জানানো হয় যে, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার আওতায় কোন নাগরিক নির্দিষ্ট সময়ে প্রতিশ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে অভিযোগ দাখিল করলে অত্র ইনস্টিটিউটের সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে ৩০ কর্মদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা(অনিক) হিসেবে পরিচালক, বিটিআরআই তার সমাধান দিবেন। অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা উক্ত সময়ের মধ্যে সমাধান দিতে ব্যর্থ হলে আপিল কর্মকর্তা হিসেবে চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড ২০ কর্মদিবসের মধ্যে তার সমাধান দিবেন। আপিল কর্মকর্তা উক্ত সময়ের মধ্যে সমাধান দিতে ব্যর্থ হলে মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল ৬০ কর্মদিবসের মধ্যে তার সমাধান দিবেন। বিটিআরআই এর হালনাগাদ সেবা প্রদান প্রতিশুতি (সিটিজেন চার্টার) যা বিটিআরআই এর ওয়েবসাইট (www.btri.gov.bd) এ রয়েছে।
সভায় উপস্থিত চা বাগান ব্যবস্থাপকগণ বিটিআরআই এর প্রতিশ্রুত সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন এবং আরও দ্রুত সময়ে কিভাবে সেবাসমূহ প্রদান করা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালক বিটিআরআইকে অনুরোধ জানান।