শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে সংসদ সদস্যরা সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে সভাপতির দায়িত্ব পালন করছেন এবং মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই কমিটিগুলোতে সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির কাজের সমন্বয় সাধনে এক অনন্য মাইলফলক। ফলশ্রুতিতে সরকারের জবাবদিহি নিশ্চিতকরণে সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে।

রোববার গাজীপুরের সারাহ রিসোর্টে দুদিনব্যাপী ‘জাতীয় সংসদের আর্থিক তদারকি কমিটিগুলোর (এফওসিএস) কার্যক্রম এবং সামগ্রিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিএমআইএস) সম্পর্কিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয় এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত চার্লস হুইটলি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত স্থায়ী কমিটি এবং অনুমিত হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তাই এই কমিটির সদস্য ও কমিটি সংশ্লিষ্ট সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এই কর্মশালার গঠনমূলক আলোচনার মাধ্যমে কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ পরামর্শ দিলে তা বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।’

নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘সরকারি হিসাব সম্পর্কিত কমিটি যথাযথভাবে কাজ করে সরকারি অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ প্রয়োজনীয় ক্ষেত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট নেওয়া গেলে এই কমিটির গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চার্লস হুইটলি বলেন, ‘জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রাক্কালে এ ধরনের কর্মশালার আয়োজন এক অসাধারণ উদ্যোগ। জাতীয় সংসদ সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে কাজ করে চলেছে।’ এ ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নে এ প্রশিক্ষণ সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালায় হিসাব সংক্রান্ত তিনটি স্ট্যান্ডিং কমিটির সভাপতি, কমিটি সদস্য এবং সংসদ সচিবালয়ের কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আমন্ত্রিত রিসোর্স পারসনদের প্রেজেন্টেশনের ওপর আগত সংসদ সদস্যরা সরব আলোচনায় অংশগ্রহণ করেন এবং মতামত দেন।

কর্মশালায় আরও ছিলেন হুইপ ইকবালুর রহিম, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102