

ভাইয়ের বিপক্ষে লড়ছেন ভাই। আইপিএলে এমন উদাহরণ নতুন নয়। দুই দলের হয়ে খেলেছেন ইউসুফ পাঠান ও ইরফান পাঠান। হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া ভাইদ্বয়ও খেলেছেন একে অপরের বিপক্ষে। তবে রোববার গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচের গল্প ভিন্ন।
এদিন গুজরাটের নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। আর লোকেশ রাহুল ছিটকে পড়ায় লখনৌয়ের দায়িত্ব সামলেছেন ক্রুনাল। তাতেই হয়ে গেছে ইতিহাস। কারণ, আইপিএলে অধিনায়ক হিসেবে কখনো দুই ভাই মুখোমুখি হননি।
ভাইয়ে ভাইয়ে এই লড়াইয়ে জিতেছেন ছোট ভাই হার্দিকই। লখনৌয়ের বিপক্ষে ৫৬ রানের জয় তুলে নিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল গুজরাট। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। একই ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লখনৌ আছে তালিকার তিনে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে চেন্নাই সুপার কিংস।
প্রথমে ব্যাট করে ২২৭ রানের বিশাল সংগ্রহ তোলে গুজরাট। দলের হয়ে দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল করেন যথাক্রমে ৮১ ও ৯৪ রান। এছাড়া হার্দিক ২৫ ও ডেভিড মিলার করেন ২১ রান।
জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানের বেশি করতে পারেনি লখনৌ। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান আসে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। ৪ ওভারে ২৯ রান দিয়ে লখনৌয়ের ৪ উইকেট তুলে নেন মোহিত শর্মা।
নিউজ/এম.এস.এম