বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দেশের আকাশে চাঁদ দেখা গেছে শনিবার ঈদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার দেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ-উল-ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়।

সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। আগামীকাল ১ শাওয়াল শনিবার সারা দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

এদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হবে। এসব জামায়াতে পৃথক পৃথক আলেমগণ ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন। ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন ক্বারি মো. ইসহাক মুয়াজ্জিন।

দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, এতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মোঃ আবু ছালেহ পাটোয়ারী ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির হিসেবে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান থাকবেন।

চতুর্থ জামায়াত হবে সকাল ১০টায়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের চীফ খাদেম মো. শহিদ উল্লাহ।

পঞ্চম ও সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

এছাড়া ৫টি জামায়াতে নির্ধারিত কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102