বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

টেস্টে আয়ারল্যান্ডকে ‘ডমিনেট’ করে জিততে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জেতার কোনও রেকর্ড নেই। আফগানিস্তানের মতো টেস্টের নতুন সদস্য দেশের কাছেও ঘরের মাঠে হারের রেকর্ড রয়েছে। এবার নিজেদের ডেরায় লাল সবুজের দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। প্রথম দেখায় দেশটির বিপক্ষে ডমিনেট করে তথা কর্তৃত্ব দেখিয়ে জিততে চায় স্বাগতিকরা।

৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। রোববার (২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে টেস্টের প্রস্তুতি শুরু করে স্বাগতিক শিবির। এদিন নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক।

ডমিনেট করে জেতার কথা জানিয়ে রাজ্জাকের প্রত্যাশা, ‘আমি চাই খুব ভালোভাবে টেস্ট ম্যাচটা জিতুক। একটা সময় ছিল, প্রথমদিকে, আমাদের সাথে যখন খেলত (টেস্ট খেলুড়ে দেশ) সমানে ডমিনেট করে জিতত। আমরাও চাই, সেইভাবে করতে (জিততে)। আমাদেরও ওই উন্নতিটা হচ্ছে। নতুনদের সঙ্গে আমাদের পার্থক্যটাও ওই রকম।’

টেস্ট অনুশীলনের প্রথম দিন উপস্থিত ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি খেলে চট্টগ্রাম থেকে রাতে উড়ে এসে পরদিন (শনিবার) খেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে সাকিব টিম হোটেলে বিশ্রামে ছিলেন। এ ছাড়া ফুরফুরে মেজাজে সাদা পোশাকে লড়ার জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। মাঠে নামার আগে আগামীকাল আরও একদিন সুযোগ পাবে নিজেদের প্রস্তুত করার জন্য।

চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ক্রিকেটের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। শরীরী ভাষায় এসেছে দারুণ পরিবর্তন। এবার পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে দুর্বল সংস্করণ টেস্ট। রাজ্জাক জানিয়েছেন, দল এখন কোন অবস্থায় আছে সেটি দেখতে চান তারা।

‘আয়ারল্যান্ডের কাছে হেরে যেতে পারি বা আফগানিস্তানের কাছে হেরেছি, এই চিন্তা আসেনি। চিন্তা হইছে, এই ম্যাচটা খুব ভালো করে ডমিনেট করে জিততে চাই। আমাদেরও তো জানার দরকার আছে, দল কোন অবস্থায় আছে। পার্থক্যটা জানতে চাই’- বলছিলেন এই নির্বাচক।

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে বাংলাদেশ ডমিনেট করে সিরিজ জিতেছে। কিন্তু অ্যান্ডু বালবির্নির দলের অনেক সদস্য কাউন্টি খেলে থাকেন। তাই তাদের সাদা পোশাকে হালকাভাবে নিতে চান না রাজ্জাক। সেদিক থেকেও যে টিম ম্যানেজম্যান্ট সতর্ক সেটি বুঝিয়ে দিয়েছেন তিনি।

‘ওদের প্রচুর ক্রিকেটার কিন্তু কাউন্টি ক্রিকেট খেলে। তো ওদের কিন্তু ওইভাবে দেখার মতো কিছু নেই। আমাদের সাথে ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজে বলেন দেখে যদি মনে হয়ে থাকে ওরা ভালো টিম না, তাহলে ভুল হচ্ছে। ওরা যা খেলছে, তার থেকে বেটার টিম। হয়তো এখানে কোনও কারণে ওরা মানিয়ে নিতে পারেনি।’

‘কিন্তু ওদের যে পারফরম্যান্স দেখেছেন, তার চেয়ে ভালো দল ওরা আমার মনে হয়। ওদের মনে হয় ৯০ শতাংশ প্লেয়ার কাউন্টি ক্রিকেট খেলে। আমরা যারা ক্রিকেটের সঙ্গে রিলেটেড, তারা সবাই জানি কাউন্টির মান সম্পর্কে। ওরা পারফর্মার সেখানে’- আরও যোগ করেন রাজ্জাক।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ড তিন ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছে। হেরেছে আফগানিস্তানের বিপক্ষেও। সবশেষ টেস্ট খেলেছে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৪ বছর পর বাংলাদেশের বিপক্ষে আবার তারা সাদা পোশাকে খেলার সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়েই নামবে বালবির্নির দল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102