ছাতকে নাইন্দার হাওরের বোরো ফসল রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে কৃষকরা উপজেলা পরিষদ চত্বরে মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে কৃষকদের অবস্থান কর্মসূচিতে উপজেলা পরিষদ এলাকায় নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর, কাড়ইলগাঁও, বারকাহন, বাতিরকান্দি, মির্জাপুর, পাটিবাগ, বেতুরা, আসাদনগর গ্রাম সহ নাইন্দার হাওর পাড়ের কৃষকরা অংশ নেন।
তাদের দাবি স্থানীয় মির্জার খালে ফসল রক্ষা বাঁধ অপরিকল্পিতভাবে নির্মাণ করার কারণে হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টি হলেই নাইন্দার হাওর পাড়ের কৃষকদের মধ্যে ফসল হারানোর আতংক বিরাজ করে। এখানে ফসল রক্ষা বাধ সৃষ্টির পর থেকেই বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে বাঁধ তৈরী হয়ে আসছিল। বর্তমানে পূর্বের মতো বৃষ্টির পানি নিস্কাশনের পথ না রেখেই বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে বাঁধের এক পাশ শুকনো এবং হাওড়ের পাশ পানিপূর্ণ অবস্থায় আছে। এখন বৃষ্টি হলেই পানি বৃদ্ধি হতে থাকে। ফলে নাইন্দার হাওরের কয়েক হাজার একর বোরো ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাদের দাবী পরিকল্পনা অনুযায়ী মির্জার খালের ফসল রক্ষা বাঁধ সংস্কার করা প্রয়োজন। হাওরের বোরো ফসল রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে কৃষকদের পক্ষে আবেদনও দিয়েছেন বলে জানিয়েছেন তারা।
সাবেক ইউপি সদস্য কৃষক মনির উদ্দিন জানান, বৃহস্পতিবার কৃষকদের অবস্থান কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে এর বিহিত ব্যবস্থা করবেন বলে সবাইকে আশ্বস্থ করেছেন। হাওর পাড়ের কৃষক সালেহ আহমদ, ছালিক মিয়া তালুকদার, কুতুব উদ্দিন সহ কৃষকরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের বাঁধ ও ফসল রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে তারা ফসল হারা হবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, ইতিপূর্বে হাওরের ফসল রক্ষার ব্যাপারে কৃষকদের একটি আবেদন পাওয়া গেছে। দলবদ্ধ ভাবে কৃষকরা এসে ফসল রক্ষার এ দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রেক্ষিতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।