

তেঁতুলিয়ায় বুড়াবুড়িতে বাবাকে পঞ্চগড় জেলখানায় দেখতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মীম (১২) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।সে সময়ে দুর্ঘঠনায় নিহতের ছোট ভাই মুস্তাকিম (৭) ও চাচা ফজলুল হক গুরুতর আহত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত মীম ওই এলাকার মুনসুর আলীর মেয়ে। সে বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মীম ও তার ছোট ভাই মুস্তাকিম চাচা ফজলুল হকের মোটরসাইকেল যোগে পঞ্চগড় জেলখানায় বাবাকে দেখতে যাওয়ার পথে সড়কে কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলসহ ধাক্কা দিলে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় মীম। গুরুতর আহত হয় ছোট ভাই মুস্তাকিম ও চাচা ফজলুল। এদের মধ্যে ফজলুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘন্টা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। কাভার্ড ভ্যানটি আটক করার পরে ঘন্টা পর হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়।
নিহতের স্বজনরা জানান, মীমের বাবা মুনসুর আলী পঞ্চগড়ে জেলহাজতে রয়েছেন। পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জেলহাজতে রয়েছেন মুনসুর। কারাগারে বাবাকে দেখতে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি থেকে যাওয়ার প্রস্তুতি নিতে চাচার মোটর সাইকেলে বাড়িতে ফিরছিল মীম। কারাগারে গিয়ে বাবাকে দেখতে পেলো না বলে এমন আক্ষেপে স্বজনদের বুকফাটা আহাজারিতে বিয়োগান্ত পরিবেশে পরিণত হয়েছে এলাকাটি।
হাইওয়ে পুলিশের এসআই শাহীন জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় মীম নামের এক স্কুল ছাত্রী মারা গেছে এ দুজন আহত হয়েছেন। গাড়িটি আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন।