বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সরকার অর্থকষ্টে ভুগছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

সরকার অর্থকষ্টে ভুগছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। গতকাল বুধবার রাতে ৫ দিনের সফরে রংপুরে এসে মহানগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ ভালো নেই। সরকারের কাছেও পর্যাপ্ত অর্থ নেই, মেগা প্রকল্প বাদ দিয়ে মানুষ বাঁচানোর প্রকল্প নিতে হবে। কিন্তু সরকার তা করছে না।

জি এম কাদের বলেন, সরকার যা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা দেখছি, কম মূল্যের পণ্য কিনতে হাজার হাজার মানুষ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে। মধ্যবিত্ত ঘরের অনেক ভদ্র মানুষ সেখানে যেতে পারছেন না। দেশের মানুষ কষ্টে আছে, সেই কষ্ট লাঘবে রেশনিং কার্ডের মাধ্যমে পণ্য দেওয়া দরকার।

তিনি বলেন, ‘সরকার স্বীকার করুক আর না করুক, আমরা মনে করি সরকারের হাতে টাকাও নেই, বিদেশি ডলারও নেই। অর্থাৎ সরকার এখন অর্থকষ্টে ভুগছে। এ কারণে দিনে দিনে সবকিছুর দাম বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। এতে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে।

মানুষকে বাঁচাতে সরকারকে মেগা প্রকল্প বন্ধের আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমরা হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প করতে পারি আর দেশের মানুষকে বাঁচাতে কোনো উদ্যোগ নিতে পারব না, এটা হতে পারে না। মানুষ না বাঁচলে দেশের উন্নয়ন করে কী হবে? মেগা প্রকল্প বন্ধ করে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় সামনের দিকে আরও খারাপ দিন আসতে পারে বলে আমরা আশংকা করছি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইভিএমে ভোট জনগণ ভালোভাবে নেয়নি। আমরা সেটা সবসময় বলে আসছি ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদিও রংপুর সিটির নির্বাচনে আমাদের প্রার্থী জিতেছে। অনেক স্থানে আমরা জয়ী হয়েছি, কিন্তু সেটি বিষয় নয়। আমরা চাই- একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। ব্যালটের মাধ্যমে হলে নির্বাচন স্বচ্ছ হবে।

জি এম কাদের বলেন, ‘দেশের ৮০ শতাংশ ভোটার নিশ্চিত করতে পারছে না, তারা কোথায় ভোট দেবেন। আমরা সেই ভোটারদের লক্ষ্য করেই কাজ করছি, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। আমরা মানুষের রাজনীতি বোঝার চেষ্টা করছি। অতীতেও আমরা মানুষের জন্য রাজনীতি করেছি, বর্তমানেও করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহ-সভাপতি লোকমান হোসেন প্রমুখ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102