সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

রায় কার্যকরের সিদ্ধান্ত আটকে আছে আপিল শুনানিতে

পিলখানা শাহাদৎ বার্ষিকীর ১৪ বছর আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

তৎকালীন বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যাযজ্ঞের ১৪ বছর পূর্তি আজ। শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সাবেক বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তরে ঘটে এক মর্মান্তিক নৃশংস ঘটনা। ওই দিন সকাল ৯টা ২৭মিনিট। দরবার হলে চলমান বার্ষিক দরবারে একদল বিদ্রোহী বিডিআর সৈনিক ঢুকে পড়ে। একজন বিডিআর সদস্য মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বুকে আগ্নেয়াস্ত্র তাক করে।

এরপরই ঘটে যায় ইতিহাসের সেই নৃশংস ঘটনা। বিডিআরের বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা সেনা কর্মকর্তাদের হত্যা করে তাদের পরিবারকে জিম্মি করে ফেলে। পুরো পিলখানায় এক ভীতিকর বীভৎস ঘটনার সৃষ্টি করে। এ সময় তারা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করে। বিজিবি’র সদর দপ্তর পিলখানায় সেদিন বিদ্রোহী বিডিআর সদস্যরা যে তাণ্ডব চালিয়েছিল, তা পৃথিবীর কোনও বাহিনীর বিদ্রোহের ইতিহাসে পাওয়া যায় না।

হত্যার বিচার না পেয়ে আক্ষেপ স্বজনদের:

প্রতিবছর এই দিবসটি স্মরণ করতে এসে নিহতদের স্বজনরা বনানীর সামরিক কবরস্থানে শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। তাদের একটাই আক্ষেপ, ‘আমরা আর কি চাইবো? আজও হত্যার বিচার পেলাম না। এটাই চাইবো হত্যার বিচারটা অন্তত সুষ্ঠুভাবে হয়। মৃত্যুর আগে শুনে যেতে পারলে তাতে শান্তি পেতাম। আজও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। বিচারের রায় কার্যকর করা হলে অন্তত আত্মা শান্তি পাবে।’ স্বজনদের চাওয়া বিচারের রায় দ্রুত কার্যকর করা হোক।

হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলা:

পিলখানায় নারকীয় হত্যার ঘটনায় দায়ের করা হয় দুটি মামলা। এর মধ্যে সেনা কর্মকর্তাদের নিহতের ঘটনায় দণ্ডবিধি আইনে করা হয় হত্যা মামলা। অপরটি হয় বিস্ফোরক আইনে। বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি ১৩ বছর ধরে সাক্ষ্য গ্রহণের মধ্যে আটকে আছে। হত্যা মামলায় নিম্ন আদালত ২০১৪ সালে ১৫২ বিডিআর জওয়ানকে মৃত্যুদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ১৬১ জনকে। সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা পান আরও ২৫৬ জন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৮ জন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। ২০১৭ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ১৫২ জনের মধ্যে ১৩৯ জওয়ানকে মৃত্যুদণ্ড দেয়। যাবজ্জীবন দেয়া হয় ১৮৫ জনকে। বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় আরও ২০০ জনকে। খালাস পান ৪৫ জন।

উচ্চ আদালতে মৃত্যুদণ্ডের আপিল শুনানির অপেক্ষায়:

হত্যা মামলায় হাইকোর্টের রায়ে খালাস ও সাজা কম পাওয়া আসামিদের মৃত্যুদণ্ড চেয়ে লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ। এ ধরনের আপিলের সংখ্যা ১৩৯টি। অন্যদিকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া প্রায় ৩০০ আসামি খালাস চেয়ে আপিল বিভাগে আপিল করেছেন। রাষ্ট্র ও আসামি পক্ষের এসব আপিল এখন চুড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। পরে এই আপিল দায়েরের বিষয়টি ব্যয় সাপেক্ষ হওয়ায় মেমো অব আপিলের মাধ্যমে আপিলের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে আসামি পক্ষ। প্রধান বিচারপতি আসামি পক্ষের আবেদন মঞ্জুর করায় অন্যান্য আসামিদের পূর্ণাঙ্গ পেপারবুক ছাড়াই আপিল দায়ের করার সুয়োগ হয়েছে। ফলে তাদের কাউকে ১০ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা ব্যয় করে আপিল দায়ের করতে হবে না। তারা বড় অংকের অর্থ খরচের হাত থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের অন্যতম আইনজীবী এম আমিনুল ইসলাম।

অস্ত্রহাতে বিডিআর সদস্যরা

বিস্ফোরক আইনের মামলা:

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে বিস্ফোরক আইনের মামলাটি। এই মামলায় আসামি রয়েছেন ৮৩৪ জন। এর মধ্যে একজন সিভিলিয়ান, বাকি আসামিরা বিডিআরের জওয়ান। এই মামলায় আসামিদের মধ্যে ২৪ জন মারা গেছেন। জীবিত আসামি ৭৯০ জন। পলাতক রয়েছেন ২০ জন আসামি। এই মামলায় ২৫৫ জন সাক্ষী দিয়েছেন।

মামলার বিচার কার্যক্রম কবে নাগাদ সম্পন্ন হবে, জানতে চাইলে মামলার পাবলিক প্রসিকিউশন (পিপি) মোশারফ হোসেন কাজল বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রায় ১২০০ সাক্ষী রয়েছেন। সবার সাক্ষ্যগ্রহণের প্রয়োজন নেই। এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র দিয়ে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছে। মামলায় আসামি পক্ষ যদি সহায়তা করে, তাহলে এ বছরেই এই মামলার রায় দিতে পারবে আদালত।

শোকাবহ দিবসের কর্মসূচি:

পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ ব্যক্তিদের স্মরণে শনিবার শাহাদাতবার্ষিকী পালন করবে বিজিবি। দিনের কর্মসূচিতে রয়েছে, পিলখানাসহ বিজিবি’র সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় বাদ ফজর খতমে কোরআন, বিজিবির সব মসজিদে এবং বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র সচিব এবং বিজিবি মহাপরিচালক (একসঙ্গে) শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সব স্থাপনায় বিজিবি পতাকা অর্ধনমিত থাকবে এবং বিজিবি’র সব সদস্য কালো ব্যাজ পরিধান করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102