

স্টাফ রিপোর্টার, ঢাকা: কর্মচারীদের বেতন পরিশোধে অক্ষম পৌরসভাকে ইউনিয়ন পরিষদে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার এক ভার্চুয়াল সভায় তিনি এ মন্তব্য করেন। ‘স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের (সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদে ও ইউনিয়ন পরিষদ) রাজস্ব আয় ও ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ ও হিসাব সংরক্ষণের পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে’ এ সভায় আয়োজন করা হয়।পৌরসভা সৃষ্টির প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, নিজস্ব আয় দিয়ে পরিচালনা ব্যয় নির্বাহ করা ও উন্নয়ন কাজে অবদান রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা সৃষ্টি হয়েছে। এখন যদি এসব প্রতিষ্ঠান নিজ কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং জনগণকে সঠিক সেবা প্রদানের সক্ষমতা না থাকে তাহলে পৌরসভা হিসেবে টিকে থাকার যৌক্তিকতা হারাবে। যা বিদ্যমান আইনে আছে। এই আইনের সার্বিক দিক পর্যালোচনা করে প্রয়োজনে পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদে রুপান্তর বা পরিষদ ভেঙ্গে পুনঃনির্বাচন দেয়া হবে।মন্ত্রী বলেন, পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধদের সক্ষমতা না থাকলে পরীক্ষা-নিরীক্ষা পূর্বক বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনে ইউনিয়ন পরিষদে রূপান্তরিত অথবা পরিষদ ভেঙ্গে পুনঃনির্বাচন দেয়ার পদক্ষেপ নেয়া হবে। এছাড়া পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে অডিট করা হবে।বেশিরভাগ পৌরসভা কর্মচারীদের বেতন পরিশোধ করছে জানিয়ে তিনি বলেন, যে সমস্ত পৌরসভা পুরোপুরি বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তার সুনির্দিষ্ট কারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে।পৌরসভাগুলোতে আয় ও ব্যয়ে স্বচ্ছতা আনা হবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, এ লক্ষ্যে এক্সটারনাল অডিটের ব্যবস্থা করা হবে। এজন্য সংশ্লিষ্টদের ইতোমধ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনাও প্রদান করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের ত্রৈমাসিক বিবরণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী।স্থানীয় সরকার মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও তা অনুসরণ না করে পৌরসভাগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে অযৌক্তিক লোক নিয়োগ দিয়ে থাকলে সেই ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। আর এখন থেকে পৌরসভায় আউটসোর্সিংয়ে নিয়োগ দিতে হলে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় সভায় এই বিভাগের সকল অতিরিক্ত সচিব, যুগ্ন সচিব এবং সংশ্লিষ্ট শাখার উপ-সচিবগণ অংশ নেন।