

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে ভিসা জালিয়াতিতে সহায়তা ও কাগজপত্র তৈরির অভিযোগে মুহাম্মদ তমিজ উদ্দিন নামের ব্রিটিশ বাংলাদেশি ব্যারিষ্টারের বার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। ১ জুলাই ল গেজেট অনলাইন এই সংবাদ প্রকাশ করেছে।মুহাম্মদ তমিজ উদ্দিন ২০০৫ সালে ব্যারিষ্টার হিসাবে বার লাইসেন্স পান। মূলত ২০১৮ সালে ভিসা প্রতারনায় ভূয়া কাগজ পত্র তৈরি করার অভিযোগে সাউথ ওয়ার্ক কাউন কোর্টে দোষী প্রমাণিত হন তিনি। সে সময় ৩০ মাসের কারাদণ্ড হয়।আইন পেশার জন্য নজরদারি প্রতিষ্ঠান বার স্ট্যান্ডার্ড অথরিটির পক্ষ থেকে বলা হচ্ছে, তমিজ উদ্দিন ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত হোম অফিসে বিভিন্ন মানুষদের ভিসা সংক্রান্ত কাজের জন্য ভূয়া তথ্যাদি ও কাগজপত্র প্রদান করেছেন। কোর্টের রায়ে বলা হয়েছে, তমিজ উদ্দিন আইনের কাজে অসততা, ন্যায় বিচার প্রশাসনে পক্ষপাতমূলক ও আইনী পেশায় সাধারণ মানুষদের আস্থা হ্রাস করেছে তার অসৎ কাজ দিয়ে। বিষয়টি নিয়ে বার স্টান্ডার্ড বোর্ডের এক কর্মকর্তা জানান, আইনকে ব্যবহার করে জালিয়াতি একটি জঘন্য অপরাধ। আর এই অপরাধের সাথে যুক্ত থাকার কারনে মুহাম্মদ তমিজ উদ্দিনের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে বার স্টান্ডার্ড বোর্ড বলেছে, তিনি চাইলে বিষয়টি নিয়ে আপিল করতে পারবেন।