

ফেব্রুয়ারির শুরুতেই দেশে বয়ে যেতে পারে মৃদু বা মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ। একই সঙ্গে চলতি মাসে শিলাবৃষ্টিসহ ঝড়ের শঙ্কাও রয়েছে।
মাসের দ্বিতীয়ার্ধে শীতের তীব্রতা কমে তাপমাত্রার পারদ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে পারে। আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে এসকল তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কমিটির নিয়মিত বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
মো. আজিজুর রহমান বলেন, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যদিও বৃহস্পতিবার থেকেই উত্তরাঞ্চলের নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
এ ছাড়া দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে স্বাভাবিকভাবে দেশে গড়ে দুদিন ৯ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও কোনো বৃষ্টিই হয়নি। গত ২০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তিনি আরও জানান, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। তবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। এ ছাড়া ফেব্রুয়ারিতে দেশের সব প্রধান প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।
নিউজ /এমএসএম