বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

আইএমএফ বোর্ডে বাংলাদেশের ঋণ প্রস্তাব

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) নির্বাহী বোর্ডে বাংলাদেশের সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ প্রস্তাবের বিষয়টি উঠছে আজ সোমবার। বাংলাদেশের ঋণ প্রস্তাব আইএমএফের পর্ষদে অনুমোদন হলে সংস্থাটি থেকে ৪২ মাসে সাত কিস্তিতে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। ঋণের প্রথম কিস্তির ৩৬ কোটি ডলার আগামী মার্চে আসবে। শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখে পরের প্রতিটি কিস্তি ছাড়বে আইএমএফ।

সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে ঋণ দেয়ার প্রস্তাবটি আলোচনার জন্য সভার এজেন্ডাভুক্ত রয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে আইএমএফ কার্যালয় থেকে ঋণ দেয়ার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে আইএমএফ-এর ডিএমডি অ্যান্তইনেত এম সায়েহ ঢাকা সফর করে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে উচ্চ পর্যায়ে অবহিত করেন। প্রতিবেদনটি বোর্ডে উপস্থাপন করা হবে। এতে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, ঋণ দেয়ার শর্তের বিপরীতে বাস্তবায়ন এবং ভবিষ্যতে কোন কোন শর্ত বাস্তবায়ন করতে হবে, তা উল্লেখ করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি আইএমএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ।

বিবৃতিতে তিনি বলেন, কয়েক দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য আমি তাদের অভিনন্দন জানাই। এসব উদ্যোগ বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে এবং জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

অন্যান্য দেশের মতো বাংলাদেশও এখন বৈশ্বিক ধাক্কার প্রভাব মোকাবিলা করছে উল্লেখ করে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা বাংলাদেশের অর্থনীতিতে এই ধাক্কাগুলোর প্রভাব নিয়ে আলোচনা করেছি। আমি দেশটির এই ধাক্কা সামলানোর নানা আয়োজনকে স্বাগত জানাই।

অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে বাজেট সহায়তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নে আইএমএফের সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ নিয়ে চূড়ান্ত আলোচনা করতে আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছিল।

দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলার জন্য গত বছরের জুলাইয়ে বাংলাদেশ আইএমএফ-এর কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে চিঠি দেয়। এর আলোকে গত বছরের ২৬ অক্টোবর আইএমএফ বাংলাদেশে আসে। তারা ৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে ঋণবিষয়ক আলোচনা করে শর্তের বিষয়গুলোর কাঠামো তৈরি করে। এরপর এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করার জন্য সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত এম সায়েহ ১৪ জানুয়ারি ঢাকায় আসেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102