

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ হাই কমিশন লন্ডন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
এ লক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) মিশনের ‘বঙ্গবন্ধু লাউঞ্চে’ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের সাথে সম্পৃক্ত যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সাথে “Opportunities for Greater Remittance Flows from the UK and Ireland” শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ পথে বাংলাদেশে প্রেরণে উৎসাহ প্রদানের জন্য ঘোষিত ২.৫% প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে ব্রিটিশ-বাংলাদেশিদের সবসময়বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। তিনি মানি এক্সচেঞ্জ হাউজগুলোকেও রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
হাইকমিশনার বলেন, “বৈধ্ পথে রেমিটেন্স প্রেরণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য হাই কমিশন এবছর পূর্ব লন্ডনে একটি রেমিটেন্স ফেয়ার করবে।
এতে পূর্ব লন্ডনে হাই কমিশনের কন্সুলার সার্জারি সেবা প্রদানের পাশাপাশি বিশেষ ব্যবস্থায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কীভাবে সহজে ও কম খরচে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যায় সে বিষয়ে সবাইকে অবহিত করবেন। কমিউনিটি টেলিভিশন, সংবাদপত্র ও সোস্যাল মিডিয়ার মাধ্যমেও এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে।
সভায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা ও এসব সমাধানের জন্য কতিপয় প্রস্তাব উত্থাপন করেন।
হাইকমিশনার তাদের সমস্যাগুলো ও প্রস্তাবসমূহ মনোযোগ দিয়ে শুনেন এবং এব্যাপারে হাই কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা ছাড়াও মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ/ যুক্তরাজ্য / কেএলি