

মিষ্টি পিঠা তো শীতে বেশ খাওয়া হলো। স্বাদ বদলে এবার খেতে পারেন ঝাল স্বাদের মুখরোচক পিঠা। হিমহিম সকাল-সন্ধ্যায় চায়ের সঙ্গে ঝাল পিঠা দারুন জমবে। রেসিপি দিয়েছেন পপি খান
সূর্যমুখী ঝাল পিঠা
উপকরণ : চালের গুঁড়া এক কাপ, ময়দা এক কাপ, লবণ আধা চা-চামচ, তেল দুই কাপ ও পানি দেড় কাপ।
প্রস্তুত প্রণালি
পুর তৈরি : এক কাপ মুরগির মাংসের কিমা সামান্য আদা ও রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখব। এবার কড়াইয়ে ২ টেবিল চামচ তেল দিন। তেল গরম হলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজব। পেঁয়াজ হালকা ভাজা হলে কিমাগুলো দিয়ে দিন। তার পর একে একে আধা চা-চামচ শুকনা মরিচ গুঁড়া, অল্প হলুদ, ধনে, জিরা ও লবণ দিয়ে ভেজে নিন। কিমা ভাজা হয়ে গেলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে রাখুন।
পিঠা তৈরি : চুলায় একটি কড়াই বসিয়ে দেড় কাপ পানি দিয়ে তাতে তেল ও লবণ দিন। পানি ফুটে উঠলে পানিতে চালের গুঁড়া ও ময়দা দিয়ে দিন। দুই মিনিট পর একটি চামচ দিয়ে নেড়ে একটি সিদ্ধ ডো করে নিন। ডো-টি ডিশে ফেলে ভালো করে ময়ান দিন। এর পর ছোট ছোট রুটি বানানোর জন্য ভাগ করে নিন। এবার বেলে ছোট দুটি রুটি বানিয়ে নিন। একটি রুটির মাঝখানে মাংসের পুর দিয়ে ওপরে আরেকটি রুটি দিয়ে দিন। এর পর রুটির মাঝখানটা একটু চেপে দিন। তার পর ছুরি দিয়ে সাইটগুলো কেটে একটি অংশের সঙ্গে আরেকটি অংশ চেপে সূর্যমুখী ফুলের আকার দিন। এবার ডুবোতেলে সোনালি করে ভেজে নেব। তৈরি হয়ে গেল সূর্যমুখী পিঠা।
ঝাল পুলি পিঠা
উপকরণ : চালের গুঁড়া এক কাপ, ময়দা আধা কাপ, লবণ আধা চা-চামচ, তেল এক চামচ, কুসুম গরম পানি এক কাপ, ভাজার জন্য ৪ কাপ তেল ও পছন্দমতো সবজি।
প্রণালি : পুর তৈরি : আলু, গাজর, শিম ও ফুলকপি আধা কাপ করে কেটে নেব ছোট ছোট করে। দুই টেবিল চামচ তেল ফ্রাইপ্যানে দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে একে একে সব সবজি দিন। এবার সবজির ওপর এক চা-চামচ শুকনা মরিচ গুঁড়া, আধা চা-চামচ হলুদ, আধা চা-চামচ ধনে গুঁড়া, অল্প জিরা ও পরিমাণমতো লবণ দিয়ে সবজিটা রান্না করে নিন। সবজি ভাজা ভাজা হয়ে গেলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে রাখুন।
পিঠা তৈরি : একটি শুকনা বলে চালের গুঁড়া, ময়দা, লবণ ও তেল নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিন। এর পর এক কাপ কুসুম গরম পানি একটু করে দিয়ে একটি ডো তৈরি করে নিন। এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। লেচি একটা করে নিয়ে বেলে ছোট গোল রুটি বানিয়ে ভেতরে সবজির পুর দেব। তার পর সাইডের বর্ডার বন্ধ করে দিন। এভাবে সব পিঠা তৈরি করে নেব। এর পর কড়াইয়ে চার কাপ তেল দিয়ে গরম হলে পিঠাগুলো সোনালি করে ভেজে নিন। তৈরি হয়ে গেল ঝাল পুলি পিঠা।
ডিমের পান্তুয়া পিঠা (ঝাল)
উপকরণ : ডিম দুটি, চালের গুঁড়া এক কাপ, ময়দা এক কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া এক চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, লবণ এক চা-চামচ, ধনেপাতা-কাঁচামরিচ পরিমাণমতো, পানি দুই কাপ ও ভাজার জন্য তেল ৪ কাপ।
প্রণালি : একটি বলে চালের গুঁড়া, ময়দা, সব মসলা, লবণ, পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি দিন। এবার একটু করে নরমাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটি খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না। তার পর দুটি ডিম পোচ করে নিতে হবে শক্ত করে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিন। তেল সামান্য গরম হলে পোচ ডিমটি ব্যাটারে এপাশ-ওপাশ লাগিয়ে তেলে ছাড়তে হবে। এর পর দুইপাশ অল্প ভাজা হলে পিঠাটি তেল থেকে তুলে আবার ব্যাটারে কোট করে তেলে ছাড়ুন। এভাবে তিনবার ব্যাটারে কোট করে ভেজে পিঠাটি টিস্যুতে তুলুন। তৈরি হয়ে গেল ডিমের পান্তুয়া পিঠা।
নিউজ /এমএসএম