সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

বিচারক তোমার বিচার করবে কে?

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

প্রতি বছর চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করা হয়। এ বছরও এই পুরস্কার প্রদান করা হবে। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’র বিজয়ীর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও জানা গেছে, বিজয়ীদের সম্ভাব্য তালিকা। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চুপ আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জানা গেছে, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন ডলি জহুর এবং ইলিয়াস কাঞ্চন। কিন্তু এই বিভাগের সম্মাননা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা। এবার তার সঙ্গে সুর মেলালেন চিত্রনায়িকা নূতনও।

দীর্ঘ এক ফেসবুক বার্তায় নূতন লিখেছেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে টিকটক ক্যাটাগরি নাই? টিকটক আর ফেসবুক ফলোয়ার ক্যাটাগরি রাখার আবেদন করছি। পাশাপাশি ভাইরাল ক্যাটাগরি রাখলে মন্দ হয় না! জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে এমন লেখা লিখতে হবে তা স্বপ্নেও ভাবিনি। এ দেশে নায়িকা হওয়া এখন আমার জন্য পাপ মনে হয়। মাঝে মাঝে আমার বাবার প্রতি আমার খুব রাগ হয়। আমি সাউথের মেয়ে ছিলাম, বাবার জন্ম সেখানেই। ফুপু সাউথের নায়িকা ছিলেন। সেখানে থাকলে আমিও নায়িকা হতাম যদি ভাগ্যে থাকত, তাই ভালো ছিল। বড় তারকা না হলেও অসম্মানিত বা লজ্জিত তারকা হতাম না এ ব্যাপারে শতভাগ নিশ্চিত। চেহারা আর নাচ দিয়ে কিছু না কিছু করতে পারতামই।’

তিনি আরও লিখেছেন. ‘অঞ্জনাকে ধন্যবাদ। আজীবন সম্মাননা বলতে যে এই দেশে কিছু আছে, তা ভুলেই গিয়েছিলাম। “ওরা ১১জন” মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। আমি সেই চলচ্চিত্রের ক্ষুদ্র একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও যে আজীবন সম্মাননা পেতে অনেক কিছু করা লাগে তা আমার জানা নাই। আরও যোগ্যতার প্রমাণ দিতে হয় তাও আমার অজানা। তাই ৫০ বছরের মতো চলচ্চিত্র জীবনে তা আর জানতে চাই না। যদিও আজীবন সম্মাননা আমার কাছে বিশাল কিছু না। এর চেয়ে বড় পুরস্কার আমি বহুবার পেয়েছি মানুষের কাছ থেকে এবং আমি বিশ্বাস করি, মৃত্যু পরবর্তী সময়েও আমি কিছু মানুষের কাছ থেকে আজীবন সম্মাননা পেয়ে যাব; সে কাজ আমি করেছি।’

নায়িকা অঞ্জনার সঙ্গে সুর মিলিয়ে নূতন বলেন, ‘আমি নিজেকে আজীবন সম্মাননার মতো যোগ্য মনে করছি না। তবে অঞ্জনার সুরে উচ্চারণ করছি সুচরিতার নাম! সেও কি যোগ্য না? সুচরিতার যোগ্যতা মাপার মাপকাঠি নির্বাচকদের হয়নি, হবেও না। আমি না হয় অভিনেত্রী না। দয়া করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে তেল দিয়ে তৈলাক্ত করবেন না। তাহলে হাত পিছলে পড়ে যাবে; যা আর ঘর অবদি নেওয়া যাবে না। একসময় এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য বছরের পর বছর কাজ করতাম। তারপর অনেক ত্যাগ, পরিশ্রম, ভালোবাসা, চেনা-জানা এবং দক্ষতা দিয়ে তা পেতে হতো। পাওয়ার পরে কত আলোচনা কত আয়োজন। আর এখন তা যাকেতাকে অন্য পুরস্কারের মতো দেওয়া হয়।’

এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, ‘ব্যাপারটা এমন যে পুরস্কার দিয়ে ভালোবাসা নেওয়া, অনেকটা ফেসবুক অ্যাওয়ার্ডের মতো। যার ফলোয়ার হাইপ বেশি সে পুরস্কার নিয়ে ছবি তুলবে, তাতে স্পন্সর আসবে বা পুরস্কারের জাত বাড়বে। কিন্তু এটা তো সরকারি পুরস্কার, তাহলে জাত বাড়ানোর কি আছে! না, জাত বাড়ানোর কিছু নেই। তবে টেনে নামানোর অনেক কিছু আছে। একটা সিনেমা করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারেন; তা নিয়ে আমি দ্বিমত করছি না বা যারা পেয়েছেন তারা অবশ্যই যোগ্য। তবে যারা দিচ্ছেন তারা? এমন যেন না হয় যাকে পুরস্কার দেওয়া হচ্ছে সেই লজ্জিত হচ্ছেন, যে কেন এই পুরস্কার পেলাম? তা হলে দুঃজনক! এই দেশে সম্মাননাকেও সম্মানহানী হতে হয়।’

সবশেষে নূতন বলেন, ‘আমাদের ৭০/৮০/৯০ দশকের চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের জন্য বাংলা চলচ্চিত্র এখন অনেকাংশে অভিশাপ, শুধু নির্বাচন আর মাঝে মাঝে চামড়ার মুখে মাথার মুকুট বলে চালানো আর সম্মানিত বলে অসম্মানিত করা ছাড়া কিছুই না। যা নায়ক রাজরাজ্জাকও দেখে গেছেন। কাঞ্চন-ডলি জহুরসহ যারাই এবার পুরস্কৃত হচ্ছেন সবার জন্য শুভকামনা-ভালোবাসা। কাঞ্চন আর ডলি শতভাগ যোগ্য। আমি ভয়ে আছি অন্য কারণে যে, হুট করে আবার টিকটক বা ফেসবুকের মহরত নায়ক-নায়িকা বা সিনেমা ৫টা করে পুরস্কার ৩টা পাওয়া নায়ক-নায়িকা এসে যদি বলে, আপনি আর আমি সমান-সমান। আমিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আপনিও পেয়েছেন। সে কথার উত্তর আমি কি দিয়ে দেব। এমনিতেই ভয়ে আছি; অনেকে বলে, আপু আপনি এত বড় নায়িকা আপনার ফেসবুক ফলোয়ার নেই কেন? আমার ৫/৬ লাখ ফলেয়ার। শেষে একটা কথাই মনে পড়ল- বিচারক তোমার বিচার করবে কে?

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102