শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলের বিয়ে

২৬৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাধারণ ছুটি’

আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

কুড়িগ্রামের রৌমারী রাজিবপুর ও চিলমারী উপজেলার ২৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার ছিল ‘সাধারণ ছুটি’। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির ছেলে সাফায়াত বিন জাকিরের (সৌরভ) বিবাহত্তোর বউভাতের জন্য এদিন এসব স্কুল বন্ধ রাখা হয়। শুধু তাই নয়, সংশ্লিষ্টদের অভিযোগ-উপঢৌকন কিনতে প্রায় সব শিক্ষককে ৫০০ টাকা করে চাঁদা দিতে হয়েছে। সেই হিসাবে এক হাজার তিনশ শিক্ষকের কাছ থেকে উত্তোলন করা হয়েছে প্রায় ৬ লাখ টাকা। এ টাকায় কেনা হয় ফ্রিজ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন উপহার। এ নিয়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। বিব্রত পরিস্থিতিতে পড়েছে স্থানীয় প্রশাসন।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এই তিন উপজেলায় শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকায় কোমলমতি শিশুদের কষ্টের কথা চিন্তা করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিজেদের ক্ষমতায় ১ দিনের সংরক্ষিত ছুটি ঘোষণা করেছেন। প্রধান শিক্ষকরা বছরে ৩ দিন ছুটি দেওয়ার ক্ষমতা রাখেন। সেই সংরক্ষিত ছুটি থেকে আজকের (রোববার) ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি শিক্ষা বিভাগ অবহিত আছে।

তবে অফিসিয়ালি কেউ স্বীকার করছেন না যে মন্ত্রী মহোদয়ের ছেলের বিয়ে উৎসবের কারণে এ সাধারণ ছুটি। শিক্ষার্থী অভিভাবকরা বলছেন অজ্ঞাত কারণে কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঝুলছে তালা। শিক্ষকরা বলছেন, প্রচণ্ড ঠান্ডার কারণে স্কুল ছুটি। এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, ৮ জানুয়ারি রোববার সরকারি ছুটির দিন না থাকলেও অজ্ঞাত কারণে চিলমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঝুলছে তালা। অভিযোগ উঠছে কোনো দিবস বা জরুরি কারণ ছাড়াই বিদ্যালয় বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ভিন্ন ভিন্ন কারণ দেখালেও এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছে প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বিয়ে উপলক্ষ্যে বন্ধ দেওয়া হয়েছে।

সরেজমিন রোবার মজাইডাঙ্গা সরকারি প্রা. বিদ্যালয়, দক্ষিণ রাধাবল্লভ, রানীগঞ্জ বাজার, ফকিরেরহাট, খালেদা শওকত পাটওয়ারী, চর খরখরিয়া, নিরিশিং ভাজ, রানীগঞ্জ মদন মোহন, খরখরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে একই চিত্র পাওয়া গেছে। সব প্রতিষ্ঠানে তালা ঝুলছে। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে কথা হলে অনেকে বলেন, শৈত্যপ্রবাহের কারণে আবার অনেকে বলেন সংরক্ষিত ছুটি আবার কেউ কেউ স্বীকার করেছেন প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের দাওয়াতের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে কোনো শিক্ষকই নিজের নাম-পরিচয় প্রকাশে রাজি হননি।

ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী বিপুল, আমির হোসেনসহ বেশকিছু বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলে, প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বিয়ে এজন্য বন্ধ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাড়ি কুড়িগ্রামের রৌমারীতে। তিনি কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) সরকারদলীয় সংসদ-সদস্য। ৮ জানুয়ারি রোববার প্রতিমন্ত্রীর রৌমারীর বাসভবনে তার একমাত্র ছেলে সাফায়েত বিন জাকিরের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠিত হয়।

চিলমারী উপজেলার বালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বাসিন্দা আব্দুল হাই সরকার বলেন, আজ কোনো সরকারি ছুটি নয়। তারপরও স্কুলে ক্লাস হয়নি। প্রতিমন্ত্রীর ছেলের বিয়েতে স্কুল বন্ধ রেখে দাওয়াত খেতে যাওয়ায় স্কুল বন্ধ। এটা খুবই দুঃখজনক ঘটনা। সরকারের তো একটা নিয়ম আছে। কিন্তু এখানে ক্ষমতার নিয়মই বড় হয়েছে।

একজন অভিভাবক মফিজুল ইসলাম বলেন, আমার ছেলে এই স্কুলে পড়ে। এভাবে স্কুল কামাই করে শিক্ষকরা বিয়ে খেতে যাওয়া হাস্যকর ছাড়া আর কিছু নয়। এমনিতেই প্রাইমারিতে যাথযথভাবে ক্লাস হয় না। মাস্টারও আসে না নিয়মিত। গরিবের সন্তানদের পড়ালেখা হোক আর না হোক তাতে কার কি?

আরেক অভিভাবক নোয়াব আলী বলেন, সকালে থানাহাট ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা তুলে রেখে শিক্ষকরা সবাই প্রতিমন্ত্রীর ছেলের বিয়েতে গেছেন। আজ কোনো ক্লাস হয়নি।

মদন মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার অভিভাবক দিলিপ কুমার ক্ষোভের সঙ্গে বলেন, শিক্ষক খুঁজতে আইছেন তাহলে রৌমারী যান। আজ কোনো শিক্ষককে বিয়ে বাড়ি ছাড়া পাওয়া যাবে না। কারণ বিয়েতে অংশগ্রহণ বাধ্যতামূলক। আর এজন্য শিক্ষকদের চাঁদাও দিতে হয়েছে জনপ্রতি ৫০০ টাকা।

একই এলাকার আব্দুস সাত্তার, আব্দুর রহমান বলেন, এটা কেমন কথা প্রতিমন্ত্রীর ছেলে বিয়ের জন্য কি সব স্কুল বন্ধ রাখতে হবে? এটা মগের মুল্লুক নাকি? দেশে আইন-কানুন কিছু নেই?

আরেক শিক্ষক বলেন, আমাদেরকে বলা হয়েছে একটা ক্লাস নিয়ে দাওয়াতে যেতে। তবে কোনো ক্লাস নেওয়া হয়নি। বিয়ের উপহার কেনার জন্য সবার কাছ থেকে ৫০০ টাকা করে চাওয়া হয়েছিল। পরে কারও কারও কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়।

চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সালেহ সরকার বলেন, আমি রৌমারীতে মন্ত্রীর ছেলের বিয়ের দাওয়াতে আছি। এখন ব্যস্ত আছি পরে কথা বলব।

চিলমারী উপজেলা সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক আনছারী স্বীকার করেন, শিক্ষা অফিসারের সম্মতিতে প্রধান শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে সংরক্ষিত ছুটি থেকে ১ দিনের জন্য সাধরণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব শিক্ষক চাঁদা তুলে বিয়ের দাওয়াত খেতে যাই।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, তিন উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ছুটি চলছে তা অবহিত হয়েছেন। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকদের হাতে বছরে ৩ দিন সংরক্ষিত ছুটি দেওয়ার নিয়ম রয়েছে। তারা বছরের যে কোনো সময় এই ছুটি দিতে পারেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102