

আনজুমানে আল ইসলাহ ইউকে ও ডিভিশনাল শাখা সংগঠন সমূহের যৌথ উদ্যোগে দেশব্যাপী চ্যারিটেবল কর্মকাণ্ডের অংশ হিসাবে কার্ডিফের গৃহহীনদের মধ্যে খাবার ও শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। গৃহহীনদের কল্যাণের দায়িত্বে নিয়োজিত কার্ডিফ সিটি কাউন্সিলের কাউন্সিলার লিন্ডা থর্ণের সহায়তায় ও তত্বাবধানে থাকা গৃহহীনদের এই সহায়তা প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে খাদ্য ও কম্বল বিতরণের জন্য লিন্ডা থর্ণ আঞ্জুমানে আল ইসলাহ’র কর্মীদের ভূয়শী প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বৃটেনের মত দেশে গৃহহীন লোকজন থাকতে পারে অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না। বাস্তব সত্য হচ্ছে, এদেশের ছোট বড় সকল শহরেই গৃহহীন লোক রয়েছে। কার্ডিফ শহরে কয়েক শত নিগৃহীতের বাস রয়েছে। একটি উন্নত দেশে নিগৃহীতের বাস, অনুন্নত দেশের লোকজনদের কাছে আশ্চর্য্য জনক মনে হতে পারে।
পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত অনেক কারণ রয়েছে, যাহার ফল স্বরূপ নিগৃহীত মানুষ প্রায় সকল দেশেই দেখতে পাওয়া যায়। সকল সময়ে বিভিন্ন চ্যারিটি সংস্থা যেমন নিয়মিত এদের সহায়তা প্রদান করে থাকে, তেমনি স্থানীয় কাউন্সিল নজরদারীসহ আশ্রয় কেন্দ্রে তাদের স্থান করে দেয়। অবশ্য তাহা শুধু উন্নত দেশ সমূহে হতে দেখা যায় যদিও ইহা একটি নৈতিক দায়িত্ব, যাহা সকলের বেলায় প্রযোজ্য।
উল্লেখ্য যে, সাহেব ক্বীবলাহ মৌলানা আব্দুল লতিফ চৌধুরীর (রঃ) প্রতিষ্ঠিত আঞ্জুমানে আল ইসলাহ নামক এই সংগঠনের মাধ্যমে বিশ্বের অগণিত সংখ্যক দেশে চ্যারিটি ও সংশোধনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিগত বন্যায় বাংলাদেশে ক্ষতিগ্রস্ত লোকজনের সহায়তায় এই সংগঠন এগিয়ে গিয়েছে।
সাহেব ক্বীবলাহ প্রদত্ত হেদায়েতের বাণীর মধ্যে রয়েছে, নিজেকে সংশোধন করার কথা। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিলেতের বিভিন্ন স্থানে নিয়মিত খানকা মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে সাহেব ক্বীবলাহর নির্দেশমত ব্যক্তি জীবন সংশোধনের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোয়ানসি ও নিউপোর্ট শহরে সংগঠনের পক্ষ থেকে অনুরূপভাবে খাবার ও কম্বল প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
নিউজ/ যুক্তরাজ্য / কেএলি