

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রের নতুন নেতৃত্ব ও জেলা নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার সকাল ১১টার থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এর আগে সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা।
এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন। তারা টানা দশমবারের নির্বাচিত আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এত বার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়, বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে।
গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, যাইহোক আপনারা এসেছেন কষ্ট করে। আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণেরই ভবন।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।
আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নেন। দলটির ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে অর্পণ করা হয়। তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি ঘোষণা করেছেন। তবে শনিবার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।
নিউজ /এমএসএম