

প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর গত দুই মাসে বক্তব্য দিয়ে ১০ লাখ পাউন্ড উপার্জন করেছেন বরিস জনসন। খবর দ্য গার্ডিয়ানের।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ব্যাংকারদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে ২ লাখ ৭৭ হাজার পাউন্ড, যুক্তরাষ্ট্রের ইনস্যুরেন্স কোম্পানির অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ২ লাখ ৭৬ হাজার পাউন্ড, পর্তুগালে ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি কনফারেন্সে বক্তব্য দিয়ে ২ লাখ ১৫ হাজার পাউন্ড এবং ভারতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ২ লাখ ৬১ হাজার পাউন্ড নিয়েছেন বরিস জনসন।
২০২০ সালে কঠোর করোনা লকডাউনের মধ্যে পার্টি করাসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন ৫৮ বছর বয়সি বরিস জনসন। এসব বিষয় সামনে আসার পর নিজ দলের সদস্যরাই তার ওপর বিরক্ত হন। তারা তাকে পদত্যাগের দাবি জানান।
একপর্যায়ে তার মন্ত্রিসভার সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা গণহারে পদত্যাগ শুরু করেন। এর জেরে চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি।
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও এখনো ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন সাধারণ সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন বরিস।
নিউজ/এম.এস.এম