বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

‘সংকটে অর্থনীতি, কর্মপরিকল্পনা কী হতে পারে’ শীর্ষক সংলাপে সিপিডি

দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ কঠিন অবস্থা পার করছে

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

মূল্যস্ফীতি লাগামহীন হওয়ায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ কঠিন অবস্থা পার করছে। শুধু আমদানি পণ্য নয়, দেশে উৎপাদিত পণ্যের দামও বেশি। ঢাকাতে চার সদস্যের একটি পরিবারের জন্য খাবারে প্রতি মাসে খরচ হচ্ছে ২৩ হাজার ৬৭৬ টাকা। এটা কমার কোনো লক্ষণ নেই। ব্যাংক খাত এখনও দুর্বল অবস্থায়। সংস্কারের কোনো পদক্ষেপ নেই। এরফলে খেলাপি ঋণ বাড়ছেই।

শনিবার (১৭ ডিসেম্বর) ‘সংকটে অর্থনীতি, কর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক সংলাপে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মূল প্রবন্ধে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

মূল প্রবন্ধে ফাহমিদা বলেন, আন্তর্জাতিক বাজারে যে হারে পণ্যের দাম বাড়ছে, তার চেয়েও বেশি হারে বাড়ছে স্থানীয় বাজারে পণ্যের দাম। বিশেষ করে চাল, আটা, চিনি, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও স্থানীয় বাজারে সেই প্রভাব নেই। অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্যের দামও কারণ ছাড়া ঊর্ধ্বমুখী। এ ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে।

লাগামহীন মূল্যস্ফীতির কারণে অনেকেই খাদ্য ব্যয় কমিয়ে আনতে খাবারের তালিকা থেকে বাদ দিচ্ছেন মাছ-মাংসসহ বিভিন্ন আমিষ। বর্তমানে রাজধানীতে বসবাসরত চার সদস্যের একটি পরিবারের মাসে খাদ্যে ব্যয় হচ্ছে ২৩ হাজার ৬৭৬ টাকা। এটা কিন্তু রেগুলার ডায়েট। মাছ-মাংস বাদ দিলেও খাদ্যের পেছনে ব্যয় হবে ৯ হাজার ৫৫৭ টাকা, যা ‘কম্প্রোমাইজড ডায়েট’।

সিপিডির মতে, মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাত স্থিতিশীলতার জন্য অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। সংকট মোকাবিলায় জাতীয়ভাবে লক্ষ্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি।

ফাহমিদা খাতুন আরও বলেন, ব্যাংক খাতের দুর্বলতা কোভিড বা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নয়। এটা দীর্ঘদিন ধরে দুর্বলতার মুখোমুখি। দুর্বল সুশাসন ও সংস্কারের অভাবে এই খাত ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। যেটা খেলাপি ঋণ দেখানো হয়, বাস্তবে তারচেয়ে আরও বেশি।

বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102