

ব্রাহ্মণবাড়িয়ার গভ. মডেল গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ভর্তির ফলাফলে তাহিয়া নামের এক শিক্ষার্থীর নাম ১৪ বার উঠেছে। এর মধ্যে মেধা তালিকায় ১০ বার ও অপেক্ষমাণ তালিকায় চার বার তার নাম ওঠে। একইভাবে ফারিয়া জামান জেসি ও ফারিয়া আরফা’র নাম পাঁচ বার ওঠে। একই ছবি ও জন্মনিবন্ধন নম্বরে ফারিয়া জামান জেসি ও ফারিয়া আরফা পৃথক নাম রয়েছে তালিকায়। এ ধরনের ফল নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরাও বিষয়টি নিয়ে হতবাক। তবে কী কারণে এমনটি হয়ে থাকতে পারে, এ বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারছেন না।
গভ. মডেল গার্লস হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে ১৪১ জন ভর্তির আবেদন করে। লটারির মাধ্যমে নির্বাচিতদের তালিকা সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে স্কুলফটকে টানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে ফল দেখতে অভিভাবকদের ভিড় জমে।
ফল বিশ্লেষণে দেখা যায়, তাহিয়া নামে এক শিক্ষার্থীর নাম মেধা তালিকায় ১০ বার ও অপেক্ষমাণ তালিকায় চার বার রয়েছে। ফলাফলে তাহিয়ার একই ছবি রয়েছে। তবে একাধিক জায়গায় জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর ভিন্ন। তাহিয়ার বাবার নাম রুবেল মিয়া ও মা লাভলী বেগম। তাহিয়ার নাম মেধা তালিকার ৫, ১৩, ১৭, ২৪, ৩২, ৩৬, ৬৬, ৬৭, ৯৮, ১১৬-তে রয়েছে। অপেক্ষমাণ তালিকার ৮১, ১০৮, ১১৬ ও ১১৮-তে রয়েছে।
একইভাবে ফারিয়া জামান জেসি নামে আরেক শিক্ষার্থীর নাম মেধা তালিকায় তিন বার ও ফারিয়া আরফা দুই বার রয়েছে। ফারিয়ার ক্ষেত্রে সব ছবি এক থাকলেও নামের ক্ষেত্রে কোথাও ফারিয়া জামান জেসি, ফারিয়া আরফা রয়েছে। তবে জন্মনিবন্ধন নম্বর ও মোবাইল নম্বর একই রয়েছে। ফারিয়ার বাবার নাম আবু জামিল ও মায়ের নাম তানিয়া আক্তার। ফারিয়ার জামানের নাম ১, ১০৮, ১৩৩, ফারিয়া আরফা নাম মেধা তালিকার ৯৩ ও ১৩৫-এ রয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, ফল দেখার সময় বিষয়টি আমাদের চোখে পড়ে। তাহিয়া নামে শিক্ষার্থীর নাম দুই তালিকায় ১৪ বার উঠেছে। তবে কীভাবে কী হয়েছে, সেটা আমাদের জানা নেই।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে এ বিষয়ে আমাদের কোনও হাত নেই।
নিউজ /এমএসএম