বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বন্দুকধারীর হামলায়

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

এক বন্দুকধারীর হামলায় ইতালির রোমের একটি ক্যাফেতে দেশটির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ তিন নারী নিহত হয়েছেন। এতে আরও চার জন আহত হয়েছেন।

স্থানীয় সময় গত রবিবার রোমের ফিদেন এলাকার স্থানীয় বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলাকালে বন্দুকধারী এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীর বরাতে সোমবার (১২ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ‘সবাইকে মেরে ফেলব’ বলে গুলি চালাতে শুরু করেন বন্দুকধারী।

রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি এ হামলার ঘটনাকে ‘সহিংসতার ভয়াবহ একটি পর্ব’ বলে উল্লেখ করে বলেছেন, এ বিষয়ে তিনি একটি জরুরি বৈঠক করবেন।

এ ঘটনায় ৫৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কমিটির সদস্যদের কয়েক জনের সঙ্গে তার বিরোধ থাকার কথা জানা গেছে।

ইতালির সংবাদপত্র লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়ানা সিয়োরবা ঘটনার সময় ক্যাফেতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্দুকধারী রবিবার ক্যাফেতে ঢুকে ‘আমি সবাইকে মেরে ফেলব বলে’ চিৎকার করে। এর পর তার কাছে থাকা পিস্তল ব্যবহার করে গুলি চালাতে থাকে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। পরে অন্য বাসিন্দারা তাকে ধরে ফেলেন। পুলিশ এসে তাকে আটক করে।

গুলিতে আহত ব্যক্তিদের দুজন নারী এবং দুজন পুরুষ। তাদের একজনের অবস্থা গুরুতর।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন নিহত ব্যক্তিদের একজন তার বান্ধবী। তার নাম নিকোলেত্তা গোলিসানো। নিহত অপর দুই নারী হলেন এলিসাবেত্তা সিলেনজি এবং সাবিনা স্পেরান্দিও।

এক ফেসবুক পোস্টে জর্জিয়া মেলোনি তার বান্ধবী নিকোলেত্তা গোলিসানোর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মেলোনি আরও লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগে তার ৫০তম জন্মদিনে কেনা লাল পোশাকে তাকে সুখী ও সুন্দর দেখাচ্ছিল। তার সে সুন্দর ও সুখী রূপ আমার স্মৃতিতে সব সময় থেকে যাবে।

কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে তা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে এ হামলা রাজনৈতিক নয় বলে মনে করা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102