রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

রেল পুলিশের রহস্যজনক ভূমিকা

শ্রীমঙ্গলে অপমৃত্যু মামলাতে আটকে আছে ফাহাদের মৃত্যুর রহস্য

চৌধুরী ভাস্কর হোম
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪১০ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ ২ মাসেও শ্রীমঙ্গলের আলোচিত স্কুলছাত্র ফাহাদ রহমান মারজানের মৃত্যুর রহস্যের জট খুলতে পারেনি রেলওয়ে থানা পুলিশ। ঘটনার পর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে দায়সারা তদন্তের অভিযোগ তুলেছেন নিহত ফাহাদের পরিবার। জিআরপি পুলিশের পক্ষ থেকে ট্রেনে কাটা পড়ে ফাহাদের মৃত্যু হয়েছে-এমন দাবী করা হলেও এ দাবী মেনে নিতে পারছে না নিহতের পরিবার। পরিবারের অভিযোগ পুর্বপরিকল্পিত ভাবে ফাহাদকে হত্যা করে রেল লাইনের রেখে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে। তবে অপমৃত্যু মামলাতেই আটকে রয়েছে রেলওয়ে থানা পুলিশ।

ফাহাদের ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- মাথায় আঘাত জনিত কারনে ফাহাদের মৃত্যু হয়েছে। তবে কিসের আঘাত তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। পুর্ব পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এমন আশংকা থেকে ফাহাদের পিতা মোহাম্মদ ফজলুর রহমান বাদি হয়ে ১৩ অক্টোবর রেলওয়ে থানায় একটি হত্যা মামলার আবেদন করেন। কিন্তু পুলিশ তা আমলে না নেয়ায় তিনি মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে, ২ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে আদালত ২৬ অক্টোবরের মধ্যে ঘটনার আদোপ্রান্ত আদালতকে জানানোর জন্য শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিলেও এখনো কার্যত কোন অগ্রগতি নেই।

জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকার বাসিন্দ শ্রীমঙ্গল সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমানের পুত্র ফাহাদ রহমান মারজান (১৭)’র নিথর দেহ গত ১২ অক্টোবর সকালে শহরতলীর শাহীবাগ এলাকাস্থ রেললাইনের পাশ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় রক্তাক্ত কাটা জখম ছিল। পরে রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোল্লা সেলিমুজ্জামান হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে মাথার বাম পাশে ৬ বাই ২ ইঞ্চি একাধিক কাটা জখম, কপালে ৩ বাই ১ ইঞ্চি কাটা জখম, পিঠে ২ বাই ৩ ইঞ্চি ছেছড়া দাগ এবং বাম পায়ের হাটুঁর নিচে হালকা ও বৃদ্ধা আঙ্গুলে কাটা দাগ রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে যখন ফাহাদের মরদেহ পোস্ট মর্টেম এর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণকালে রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোল্লা সেলিমুজ্জামান নিহত ফাহাদের পিতা আলহাজ্ব ফজলুর রহমানকে কম্পিউটারে প্রিন্টকৃত ‘ফাহাদ আগের দিন থেকে নিখোঁজ রয়েছে’ এবং ‘ট্রেনে কাটা পড়ে মারা গেছে’ লেখা একটি কাগজে স্বাক্ষর দিতে বলেন। ফজলুর রহমান বলেন, এই কাগজে আমি স্বাক্ষর করিনি। ঘটনার তদন্তের আগেই এত কম সময়ের মধ্যে পুলিশ কিভাবে নিশ্চিত হলো আমার ছেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে? এছাড়া আগের দিন থেকে নিখোঁজ-পুলিশের এই দাবী সম্পূর্ণ মিথ্যে। ফাহাদ ঘটনার দিন ভোরে বাসা থেকে বের হয়। যা শহরের বিভিন্ন সিসি ক্যামেরায় রয়েছে বলে জানান তিনি।
ফাহাদের পিতা ফজলুর রহমান অভিযোগ করে বলেন, ১১ অক্টোবর রাত ১২টার দিকে ফাহাদ আমাকে জানায় ১২ অক্টোবর সকালে তার এসএসসি’র ব্যবহারিক পরীক্ষা আছে। রাত ১টার দিকে সে তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। ১২ অক্টোবর সকাল ৯টার দিকে আমার স্ত্রী হাফেজা রহমান আমাকে জানায় ছেলে ফাহাদ বাসায় নেই। আমি তৎক্ষনাত তার ব্যবহৃত মুঠোফোনে কল করলে ফোনটি রিসিভ করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই সেলিমুজ্জামান। তিনি আমাকে জানান, আমার ছেলে অসুস্থ্য। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সাথে-সাথে আমি, আমার ভাই ইমাদ আলী ও আমার স্ত্রী দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমার ছেলেকে মাথায় মারাত্মক রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।’ তিনি বলেন, ‘শহরের বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে নিশ্চিত হই আমার ছেলেকে পূর্ব শত্রুতার জের ধরে, ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, শুরু থেকেই রেলওয়ে থানা পুলিশের ভূমিকা ছিল রহস্যময়। ফাহাদেও মোবাইল ফোনের কল লিষ্ট তদন্তে কোন উদ্যোগ নেয়া হয়নি। এমন নানা অনাস্থা থেকে তিনি এ মামলার তদন্তভার পিবিআই, র‌্যাব বা সিআইডির মতো সংস্থার হাতে ন্যাস্ত করার দাবী জানান।

ঘটনার দিন সকাল অনুমানিক ৭টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্তে কি.মি. ২৮৭/৭ অতিক্রম করে ঢাকা থেকে সিলেটগামী ৯ আপ লোকাল সুরমা মেইল ট্রেনের চালক জাহিদুল ইসলাম জানান, শ্রীমঙ্গলে রেল স্টেশন প্রবেশমুখে ট্রেনের গতি স্বাভাবিকভাবে কমিয়ে আনা হয়। যে ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে সেখানে ট্রেনে কাটা পড়া বা ট্রেনের ধাক্কা এ ধরণের কোন ঘটনাই ঘটেনি।’ তিনি বলেন, ‘সেদিন আমি আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ট্রেনে চালকের দায়িত্বে ছিলাম। ওই রুটে ট্রেনে কাটা বা ট্রেনে ধাক্কা লাগার কোন ঘটনা ঘটলে তা আমার জানার কথা। কিন্তু সেদিন ওই রুটে কোন ঘটনা ঘটেনি তা আমি নিশ্চিত।

ফাহাদ রহমান মারজানের মৃত্যু রহস্য নিয়ে অনুসন্ধানকালে জানা যায়, নিহত ফাহাদের সাথে শহরতলীর মুসলিমবাগ এলাকার একটি মেয়ের সুসম্পর্ক ছিল। ফাহাদের নিথর দেহ যেখানে পড়ে ছিল সেখান থেকে ওই মেয়ের বাড়ি কাছাকাছি। ফাহাদের স্কুলের সহপাঠী মাসুক ইসলাম মুন্না বলেন, ‘এনিয়েও কোন ঝামেলা থাকতে পারে’।

পশ্চিম ভাড়াউড়ার বেকারী কর্মী হৃদয় আলী জানায়, ঘটনার দিন ভোর ৫টার দিকে শহরের উকিল বাড়ি সড়কে নিহত ফাহাদকে অজ্ঞাত ৩ ব্যক্তির সাথে হেঁটে যেতে দেখেছে। একই এলাকার বাসিন্দা নিহত ফাহাদ ও হৃদয়। এ কারণে হৃদয় ফাহাদকে কোথায় যাচ্ছে প্রশ্ন করলে ফাহাদ জানায় রেল স্টেশনে নাস্তা করতে যাচ্ছে।

ঘটনা দিন ভোরে জানে আলম নামে এক পরিবহন শ্রমিকের ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তার নিথর দেহ উদ্ধার করে। জানে আলম জানান, ট্রেন যাবার কিছুক্ষণ পরই তিনি অজ্ঞাতনামা এক তরুণকে লাইনের পাশে ঝুপড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিচয় সনাক্ত করতে লাইভ করেন। ঘটনাস্থলে রেললাইনের ২০ গজের মধ্যে রয়েছে অসংখ্য বাড়িঘর (বস্তি এলাকা)। সেখানকার কোন বাসিন্দাই ট্রেনে কাটা পড়ে বা ধাক্কা লেগেছে এমন ঘটনা দেখননি বলে জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোল্লা সেলিমুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। সিডিআর পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টির তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। মামলার বাদিকে সব কিছু অবহিত করা হচ্ছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অধিক গুরুত্ব সহকারে পুলিশ ঘটনার তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্তকাজ শেষ করে প্রাপ্ত ফলাফল জানাতে পারবো। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
ফাহাদ মৃত্যুর সুষ্ট তদন্ত ও ন্যায় বিচারের আশায় ফাহাদের পিতা বিভিন্ন সরকারী দপ্তরের দ্বারে-দ্বারে ঘুরছেন। রেল বিভাগের ডিআইজি (ঢাকা) জয়দেব বর্ধণর সাথে যোগাযোগ করেন। সিলেটের পুলিশ সুপার শরিফুল ইসলামের সাথে সাক্ষাৎ কওে ফাহাদের মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ট তদন্তের অনুরোধ জানান। তারা এ বিষয়ে আশ^াস দিলেও কার্যত কোন উদ্যোগই নেয়া হয়নি বলে পরিবারের পক্ষে জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102