

বিএনপি-জামায়াত জোটের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। একইসঙ্গে আগামী ১০ ডিসেম্বর রাজধানীর কোথায়ও কোনো ধরনের নৈরাজ্য-বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নগর নেতারা।
গতকাল রোববার বেলা ১২টায় রাজধানীর যাত্রাবাড়ী নূর কমিউনিটি সেন্টারে ‘বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও ৯ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা-৫ নির্বাচনী এলাকার থানা-ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী নিয়ে আয়োজিত কর্মী সভায় নেতারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। আবু আহমেদ মন্নাফী বলেন, বিএনপিকে আগামী ১০ ডিসেম্বর রাজপথ দখল করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো আন্দোলন মোকাবিলা করবে। এদিন বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে হারিক্যান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তারপরও আমাদের সর্তক থাকতে হবে।
আগামী ৯ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি। একইসুরে কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন, ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এদিন রাজধানীর অলিগলি সবকিছুই সর্তক অবস্থায় পাহারা দিবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি বলেন, আমরা জানি, বিএনপি ও জামায়াত-শিবির চোরাগুপ্তা হামলা চালিয়ে মানুষের জানমাল ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এদের ব্যাপারে কোনো অনুকম্পা দেখানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এফ এম শরিফুল ইসলাম শরিফ বলেন, ৯ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে ৫ লাখ লোকের সমাগম হবে। পরের দিন ১০ ডিসেম্বর আপনারা নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান নিবেদন। খেয়াল রাখবেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা কোথাও যেন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে। প্রয়োজনে কঠোরভাবে তাদের প্রতিরোধের নির্দেশ দেন এফ এম শরিফুল ইসলাম। এ সময় বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জ্যেষ্ঠপুত্র। তিনি বলেন, আমাদের নেত্রীকে দেখুন, দিনরাত অবিরাম দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে তিলে তিলে বিলিয়ে দিচ্ছেন। আজকে তিনি দেশ ছাড়িয়ে সারাবিশ্বে প্রশংসিত হচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতনের সভাপতিত্বে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জ্যেষ্ঠপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না এবং ৪৮নং ওয়ার্ড কাউন্সিরর আবুল কালাম অনুসহ ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতৃবৃন্দ। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।