

’ওয়ার্ল্ডস ইন্টারন্যাশনাল ব্যাংক’- শ্লোগান দিয়ে ব্যাংকিং ব্যবসায় আসা ‘এইচএসবিসি ব্যাংক’ কানাডা থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। কানাডার বৃহত্তম ব্যাংক রয়্যাল ব্যাংক অব কানাডা (আরবিসি) এইচএসবিসির কানাডীয়ান অপারেশন কিনে নিচ্ছে। আরবিসি- এইচবিসির মধ্যে ১৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি হলেও পুরো প্রক্রিয়া চূড়ান্ত হতে আরো সময় লাগবে।
কানাডার কম্পিটিশিন ব্যুরো, অফিস অব দ্যা সুপারিনটেন্ডেন্ট এবং সব শেষে অর্থ মন্ত্রনালয়ের অনুমোদনের আগে এটি চূড়ান্ত হতে পারবে না। বড় একটি ব্যাংক আরো একটি ব্যাংক কিনে নিলে ব্যাংকিং মার্কেটে প্রতিযোগিতায় কোনো ধরনের অসাম্য তৈরি হবে কী না- সেটি তীক্ষ্ণভাবে দেখা হচ্ছে। কিন্তু তার বাইরে রাজনৈতিক চাপ এবং ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় নিয়েও আলোচনা হচ্ছে।
প্রবল আন্তর্জাতিক চাপের মধ্যে আছে এইচএসবিসি ব্যাংক। পশ্চিমা রাজনৈতিক চাপ, হংকং এ চীনের প্রভাব সব মিলিয়ে ব্যাংকটি বেকায়দায় আছে। আমেরিকা, ফ্রান্সসহ অনেক দেশে এর আগেই তারা রিটেইল ব্যাংকিং বন্ধ করে দিয়েছিলো। কানাডা তাদের অত্যন্ত লাভজনক বাজার। এবার তারা এখান থেকে হাত গুটিয়ে নিচ্ছে। এইচএসবিসি এখন চীনের মধ্যেই তাদের ব্যবসা সীমিত রাখতে চায়- এমন একটি কথাও বলা হচ্ছে। পশ্চিমের সাথে চীনের রাজনৈতিক অস্থিরতা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও ছুঁতে শুরু করেছে বলেই মনে হচ্ছে।
নিউজ /এমএসএম