শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

প্রাথমিকের

সহকারী শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর  ফল প্রকাশ হবে আগামী ১৪ ডিসেম্বর। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই করে এ পরীক্ষার ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।’

এর আগে ২০২০ সালে অক্টোবরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৩২ হাজার ৫৭৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় অবসরজনিত কারণে ১০ হাজারের বেশি পদ খালি হওয়ায় পদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি মার্চ মাসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ৩২ হাজারের পরিবর্তে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নানা জটিলতার কারণে শেষমেশ তা ভেস্তে যায়।

নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘১০ হাজারে বেশি পদ শূন্য হওয়ায় একসঙ্গে ৩২ হাজারের পরিবর্তে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত অনুসারে সব কার্যক্রম চলছিল। কিন্তু মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত না আসার কারণে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ দেওয়া হচ্ছে। কয়েক কর্মকর্তার আপত্তির কারণেই অতিরিক্ত ১০ হাজার শিক্ষক নেওয়া যাচ্ছে না।’

চূড়ান্ত ফল প্রকাশের আগে এভাবে পদ সংখ্যা কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরাও। এ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে গত ২০ নভেম্বর মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।

চাকরিপ্রত্যাশী আরিফ শুভ বলেন, দীর্ঘ দিন নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় প্রাথমিকে আরো ১০ হাজার পদ শূন্য হয়। পরবর্তী সময়ে সহকারী শিক্ষক নিয়োগের পদ বাড়ানোর উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়। বৈঠকের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের কথা জানান। কিন্তু গত শনিবার (১৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তার থেকে জানানো হলো, পদ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। এটি করোনায় ক্ষতিগ্রস্ত বেকারদের জন্য অত্যন্ত হতাশার।

বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এসব বিদ্যালয়ে মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হচ্ছে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102