

যুদ্ধে অংশ নেওয়া কয়েকজন রুশ সেনার মায়ের মুখোমুখি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে কয়েকজন মা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তাদের সন্তানকে হারিয়েছেন। পুতিন সেসব মায়ের উদ্দেশে বলেন, কোনো কিছু দিয়েই সন্তান হারানোর কষ্টকে প্রতিস্থাপন করা যাবে না।
রাশিয়ার মস্কোয় পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে গতকাল শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই নারীদের সবাই ক্রেমলিনপন্থি আন্দোলনে যুক্ত। সমালোচনাকারীরা বলছেন, বৈঠকের জন্য নিজেদের ইচ্ছা অনুযায়ী ওই নারীদের বাছাই করেছে কর্তৃপক্ষ।
বৈঠকে মায়েদের উদ্দেশে পুতিন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এবং দেশের সব নেতৃত্ব আপনাদের কষ্ট ভাগ করে নিয়েছি।’ এ সময় এক মাকে পুতিন বলেন, ‘আপনার সন্তান তার লক্ষ্য অর্জন করেছে এবং তার মৃত্যু অর্থহীন নয়।’ যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখেন বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
এদিকে যুদ্ধের বিপক্ষে রাশিয়ায় ভারী হচ্ছে প্রতিপক্ষ দল। এরই মধ্যে অনেক রুশ সৈন্যের মা বলছেন, যথেষ্ট প্রশিক্ষণ ছাড়াই তাদের সন্তানকে যুদ্ধে পাঠানো হচ্ছে। তীব্র শীত নিবারণের পোশাক ও পর্যাপ্ত অস্ত্রও তাদের সরবরাহ করা হচ্ছে না।
এদিকে, ইন্টারনেট ও টেলিভিশন থেকে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্বাস না করার জন্য বৈঠকে মায়েদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন পুতিন।
নিউজ /এমএসএম