

আন্তর্জাতিক ডেস্ক: হ্যালোউইন উৎসবে দুর্ঘটনায় ১৫৬ জনের প্রাণহানির জন্য আজ মঙ্গলবার সাংবাদিকদের সামনে মাথা নিচু করে ক্ষমা চেয়েছেন দেশটির পুলিশপ্রধান ইয়ুন-হে-কেওন৷ এ দুর্ঘটনার কারণ জানতে ৪৭৫ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে দেশটির পুলিশ৷ খবর ডয়চে ভেলের।
দেশটির পুলিশপ্রধান বলেন, তার ‘গভীর দায়’ অনুভব হচ্ছে৷ শনিবার রাতের ওই আয়োজনে দর্শকে নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘অপ্রতুল’ ছিল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইয়ুন-হে-কেওন স্বীকার করেন, দুর্ঘটনার আগে জরুরি হটলাইনে বেশ কয়েকবার ফোন এসেছিল৷ তারপরও ঘটনাস্থলে উপস্থিত পুলিশদের ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না।
এই অবস্থায় পদত্যাগ করবেন কি না-এই প্রশ্নের উত্তরে দেশটির পুলিশপ্রধান সরাসরি কোনো উত্তর দেননি বলে জানিয়েছে দৈনিক কোরিয়া জুংআং৷
প্রসঙ্গত, রাজধানী সিউলের ইতেওয়ান এলাকাটি পার্টি করার জন্য পরিচিত৷ সেখানেই গত শনিবার রাতে হ্যালোউইন উৎসবের আয়োজন করা হয়েছিল।
ইটেওয়ানের ব্যবসায়ীরা বলছেন, উৎসবের আগে তারা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন৷ কিন্তু উৎসবের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে পুলিশ মাদক ও যৌনবিষয়ক অপরাধ এবং কোভিড নিয়ে বেশি মনোযোগী ছিল বলে অভিযোগ তাদের৷ প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উৎসবে মাত্র ১৩৭ জন পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷
সিউলের পুলিশ কর্মকর্তা ওহ সেউং-জিন সোমবার স্বীকার করেন, কোনো নির্দিষ্ট আয়োজক নেই, এমন কোনো আয়োজনে অনেক দর্শক হলে তা কীভাবে সামলাতে হবে, সে ব্যাপারে কোনো ম্যানুয়াল কর্তৃপক্ষের কাছে ছিল না৷ তিনি এও স্বীকার করেন, পুলিশ সেই রাতে অন্যান্য অপরাধ দমনে বেশি মনোযোগী ছিল৷
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম