শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

বিরোধীদলীয় উপনেতার আসনেই জিএম কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সকল জল্পনা-কল্পনা শেষে বিরোধীদলীয় উপনেতার আসনেই বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গাও বসেছেন তার নিজের আসনে।

রবিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। ঘড়ির কাঁটা ঠিক ৪টা ৩০ মিনিটের অল্প কিছুক্ষণ আগে সংসদ অধিবেশনে নিজের আসনে বসেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৪টা ৩৩ মিনিটে স্পিকার সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এর আগেই বিরোধী দলের মসিউর রহমান রাঙ্গা নিজের আসনে বসেন।

অধিবেশন শুরু হওয়ার পর একে একে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

রাঙ্গাকে একটি কাগজ ও পেন্সিল নিয়ে নেতাদেরকে কিছু একটা বলতে দেখা যায়। প্রথমে সৈয়দ আবু হোসেন বাবলার কাছে কিছু একটা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা। মুখে কথা না বলে মাথা নেড়ে ‘না’সূচক জবাব দেন আবুল হোসেন। এরপর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের কাছে একইভাবে কিছু বলতে চান রাঙ্গা। আবারও একইভাবে মাথা নেড়ে ‘না’সূচক জবাব দেন তিনি। একইভাবে ‘না’ করেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসন বণ্টন অনুযায়ী প্রথম সারির প্রথম চেয়ারটি বিরোধীদলীয় নেতার। সেই আসন ফাঁকা রেখে পরের আসনে বসেন জিএম কাদের। তার পাশে বসেন আনিসুল ইসলাম মাহমুদ, এরপর বসেন কাজী ফিরোজ রশীদ।

তাদের পেছনের সারির প্রথম চেয়ারে বসেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান। তার বামপাশে বসেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক, এরপর বসেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। অন্য সংসদ সদস্য তাদের নিজ নিজ আসনে বসেছিলেন।

অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের একটি সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান জিএম কাদের সভায় সভাপতিত্ব করেন। জাতীয় পার্টির সংসদীয় দলে অধিকাংশ সংসদ সদস্য থাকলেও ছিলেন না চিফ হুইপ রাঙ্গা। নিজের রুমে বসেছিলেন তিনি। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, ‘আমাকে দ্রুত লবিতে যেতে হবে। আসনে বসতে হবে। আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তারা আমাকে চিফ হুইপ পদ থেকে বহিষ্কার করেছে বলে গণমাধ্যমে এসেছে। তবে আমি এখনও চিফ হুইপ। তাই শোকপ্রস্তাবের ওপর কারা বক্তব্য রাখবেন, তাদের নামের তালিকাটা করতে হবে।

তার এ কথার সূত্র ধরে বলা যায়, বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিকট তিনি বক্তব্য রাখার বিষয় জানতে চেয়েছিলেন। তিনি (রাঙ্গা) তালিকা দিয়েছেন কি না নিশ্চিত না। তবে তিনিসহ জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য শোকপ্রস্তাবের ওপর আলোচনা করেছেন।

সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় পার্টির পক্ষ থেকে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে বাদ দেওয়া হয়। তবে সেই চিঠি স্পিকারের কাছে দেয়া হয়নি। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই রওশন এরশাদকে তার পদ থেকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছিল জাতীয় পার্টির সংসদীয় দল। তবে সেই চিঠির জবাব এখনও স্পিকার দেননি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102