সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ-ভারতের গণমাধ্যম সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৯২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের গণমাধ্যম দুই দেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা যাতে একে অপরের পরিপূরক হতে পারে, বিপদে পাশে দাঁড়াতে পারে। দুই দেশের রাজনীতিবিদদের সম্পর্কের বিরূপ প্রভাব যাতে গণমাধ্যমের ওপর না পড়ে সে বিষয়েও আহ্বান জানিয়েছেন দুই দেশের সাংবাদিকরা। বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক সেমিনারে এ কথা বলেন বক্তারা।

বৃহস্পতিবার বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রোল অব মিডিয়া ইন বাংলাদেশ-ইন্ডিয়া রিলেশন্স :চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ভারতীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ অন্যরা। সেমিনারে দ্বিতীয় অংশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, উভয় দেশ কীভাবে আরও উপকৃত হতে পারে সে ক্ষেত্রে দুই দেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের সম্পর্কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক কীভাবে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সুসংহত করা যায় সে বিষয়ে দুই দেশের গণমাধ্যমকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, বৈশ্বিক সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারত শুধু ভৌগোলিক সীমান্তেই আবদ্ধ নয়, ৫০ বছর ধরে দুই দেশের শিল্প, সাহিত্য, যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা লক্ষণীয়। ভারত বাংলাদেশের সবচেয়ে পুরোনো বন্ধু। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার পাশাপাশি বাংলাদেশের নিরীহ মানুষের ওপর পাকিস্তানের বর্বর গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয় ভারত। মুক্তিযুদ্ধকালীন এ দেশের প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয় ভারত। ভারতীয় গণমাধ্যম ও সুশীল সমাজ গণহত্যার খবর সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়।

দুই দেশের সম্পর্ক অনেক এগিয়েছে, তবে একটা অপূর্ণতা রয়ে গেছে জানিয়ে সোহরাব হাসান বলেন, রাষ্ট্র হিসেবে দুই দেশের সম্পর্ক ৫১ বছরের। তবে দুই দেশের বিশেষ করে ভারতের রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সম্পর্ক হাজার বছরের। কেবল নিকট প্রতিবেশী নয়, সম্পর্ক আত্মার ও আত্মীয়ের। এ সম্পর্ক আরও মজবুত হয় ‘৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে। তবে দুই দেশের তিস্তা চুক্তি ও সীমান্ত হত্যা বন্ধ না হওয়া অপূর্ণতার কিছু অংশ।

তিনি আরও বলেন, দুই দেশ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদদের নানা সীমাবদ্ধতা থাকে। তবে গণমাধ্যমের সেই সীমাবদ্ধতা থাকার কথা নয়। গণমাধ্যম বিষয় দেখবে বন্তুনিষ্ঠভাবে ও ন্যায্যতার ভিত্তিতে। সাংবাদিকতা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন চ্যালেঞ্জর সম্মুখীন। আর এর বাইরে নন বাংলাদেশ ও ভারতের সাংবাদিকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, নিরাপত্তা, পানিবণ্টন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের কাজ করতে হবে। ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়ে বাংলাদেশ যথাযথভাবে সাড়া দিয়েছে এবং এটি অব্যাহত রাখা উচিত। তিনি পানিবণ্টন ও বাণিজ্য ঘাটতি দূর করতে জোর দেন।

একাত্তর টিভির প্রধান মোজাম্মেল বাবু বলেন, ধর্মনিরপেক্ষ ভারত ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হলে সাংবাদিকরা বহু কিছু করতে পারেন। কিন্তু হিন্দু ভারত ও মুসলিম বাংলাদেশ হলে সাংবাদিকদের পক্ষে খুব বেশি কিছু করার সুযোগ নেই।

দুই দেশের সাংবাদিকদের রক্তের একটি বন্ধন রয়েছে জানিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, দুই দেশের সম্পর্ক নিয়ে উভয় দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের মধ্যে অন্ধ বিরোধিতা, অন্ধ সমর্থন ও বিশ্বাস দেখা যায়।

ভারতীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক বলেন, বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। দুই দেশের অনেক সমস্যার সমাধান করলেও পানিবণ্টনের মতো কিছু বিষয়ে এখনও তেমন অগ্রগতি হচ্ছে না। ভাটির নদীপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের অভিন্ন নদীগুলোর সমান পানি পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু তা নিশ্চিত করা হচ্ছে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ভারতের সাংবাদিক মহুয়া চট্টোপাধ্যায় ও ভারতের সাংবাদিক গৌতম লাহিড়ী। এ ছাড়া এ সেমিনারে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102