

তেতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা; পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এক অভিযানে ৭৬৫ গ্রাম ওজনের ২ লাখ টাকা মূল্যের কষ্টি পাথর উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় সাথে জড়িত থাকায় সন্ধেহে হাসিবুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ এলাকা থেকে কষ্টি পাথরসহ হাসিবুলকে আটক করা হয়।
বুধবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

পুলিশ সুত্র জানায় গ্রেফতার হাসিবুল ইসলাম উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের নজরুল ইসলাম ছেলে। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, ভারতে পাচারের উদ্দেশ্যে হাসিবুল নিজের কাছে একটি কষ্টি পাথর রেখেছে। এরপর পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের টিম উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ এলাকায় অবস্থানের সময় প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে হাসিবুল ইসলাম লাল রঙয়ের এক পলিথিনের ব্যাগ হাতে করে তার বাড়ির সামনে আসে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানো চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ ও সঙ্গে থাকা পলিথিনের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭৬৫ গ্রাম ওজনের কষ্টি পাথর উদ্ধার করে । যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
আইনি প্রক্রিয়া শেষে বস্তুটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।