

খায়রুল আলম লিংকন: অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী,সর্বদা সদালাপী ও সৎ নিরঅহংকার রাজনৈতিক ব্যক্তিত্ব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মোঃ শাহাব উদ্দিন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে পিতাঃ মোঃ আব্দুর রহিম এবং মাতাঃ আনোয়ারা বেগম এর ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। স্ত্রী শিরীন আক্তার। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
মোঃ শাহাব উদ্দিন ১৯৭৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন এম,সি কলেজ থেকে বিএ (পাস) ডিগ্রি অর্জন করেন।তিনি ১৯৮২ সাল থেকে পরপর দুই বার বড়লেখা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত থেকে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০০৩ সাল থেকে অদ্যাবধি বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।দলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালনকালেই এলাকার জনগনের চাপে ১৯৮৪ সালে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে বিপুল ভোটে জয়লাভ করেন। তার জনপ্রিয়তার কারণে তিনি ১৯৮৪ ইং সন থেকে ধারাবাহিক ভাবে তিনি তিন তিনবার বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুন:নির্বাচিত হন।তিনি বর্তমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিরও সদস্য।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারেরমতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে “ডাক ও টেলিযোগাযোগ” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং “বন ও পরিবেশ” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং “ভূমি” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ শাহাব উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০১৪ সালের ০৫ জানুয়ারি নির্বাচনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
দশম সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ জাতীয় সংসদ ও গ্রীসের জাতীয় সংসদ এর মাননীয় সংসদ-সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন,সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদানসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের লক্ষ্যে “বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপ” এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে চতুর্থবারের মতো বিজয়ী হয়ে বর্তমান মন্ত্রীসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব পান।
তিনি সরকারি কাজে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ওমান,স্পেন, পানামা, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, ফ্রান্স, ভিয়েতনাম, তুরস্ক ও মরিশাস ভ্রমণ করেছেন।
মোঃ শাহাব উদ্দিন রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পুর্ব থেকেই তার নির্বাচনী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং এলাকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন ও বর্তমানেও তার নির্বাচনী এলাকা ছাড়াও মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নে ভুমিকা রাখছেন ।