বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭৬

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে চলমান বিক্ষোভ এখন পর্যন্ত অন্তত ৭৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে অসলোভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৫৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলো আইএইচআর। পরদিন সোমবার (২৬ সেপ্টেম্বর) এ সংখ্যা হালনাগাদ করার কথা জানায় সংস্থাটি। চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে সব জায়গায় আলাদা করে হতাহতের ঘটনা নিশ্চিত করা কঠিন বলে জানিয়েছে আইএইচআর।

ইরানের সরকারি হিসাব অনুযায়ী, সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪১। তাদের বেশিরভাগই বিক্ষোভকারী হলেও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও রয়েছে।

আইএইচআর কর্তৃক প্রকাশিত ছবিতে রোববার রাতে তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের ‘স্বৈরশাসক নিপাত যাক’ স্লোগান দিতে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, তেহরানের রাজপথে সরকারপন্থিরাও পাল্টা বিক্ষোভ প্রদর্শন করেছে। এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। বিক্ষোভকারীরা ‘বিদেশিদের মদদে’ দেশে অস্থিরতার তৈরির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধেও আওয়াজ তোলে তারা।

গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনি (২২) ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে দেশটির কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে গিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102