বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: কঠোর নিরাপত্তার মধ্যে অতীত-বর্তমান প্রায় অর্ধশত রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ৭শ’র বেশি বিদেশি অতিথি পূর্ব এশিয়ার দেশটিতে থাকছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফুক, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সো, ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে-কার্পিও, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মা’রুফ আমিন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলেরও এ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।

বিদেশি অতিথিদের অনেকের সঙ্গেই সোম ও মঙ্গলবার বৈঠক করেছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেসব বৈঠকের ছবিও টুইটারে দিচ্ছে তার কার্যালয়। কিশিদার কেবল মঙ্গলবারই ৪০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

টোকিওর কেন্দ্রস্থলে খেলাধুলা ও কনসার্টের জন্য খুবই পরিচিত নিপ্পন বুদোকানে হতে যাওয়া আবের শেষকৃত্যে সবমিলিয়ে প্রায় ৪ হাজার ৩০০ অতিথি থাকবেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে, তবে বাইরে কিছু নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, যেখানে সকাল ১০টা থেকেই জনসাধারণ ফুল ও অন্যান্য উপকরণ দিয়ে আবের প্রতি শ্রদ্ধায় শামিল হতে পারবেন।

অবশ্য নির্ধারিত সময়ের আগে থেকেই সেসব স্ট্যান্ডে জনসাধারণ শ্রদ্ধা জানানো শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় এক হাজার সেনা দায়িত্ব পালন করবে; সামরিক বাহিনীর অনার গার্ড আবেকে স্যালুট জানাতে কামান থেকে ছুড়বে ১৯টি ফাঁকা গোলা।

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া নির্বিঘ্নে করতে বুদোকানের আশপাশের সব সড়ক মঙ্গলবার ভোরের আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে; সকালে ওই এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে, বাহিনীটির অনেক সদস্যকে জাপানের অন্যান্য অংশ থেকেও আনা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102