মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

একদিকে অপারেশন অন্যদিকে সার্কাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আজ সারাদেশে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। এর মধ্যে ৩৫ সিনেমা হলে ‘অপারেশন সুন্দরবন’ ও ১৯ হলে ‘বিউটি সার্কাস’ দেখা যাবে। দুই সিনেমা নিয়েই এ আয়োজন।

চলতি মাসের শুরুতেই বলা হয়েছিল- এ মাসটা হবে সিনেমার! মুক্তির তালিকায় থাকা ছবিগুলো নিয়ে ভালো কিছুর আশা করছেন সবাই। তালিকায় থাকা দুটি বড় বাজেটের তারকাবহুল সিনেমা মুক্তি পাচ্ছে আজ। একটি জয়া-ফেরদৌসের ‘বিউটি সার্কাস’ অন্যটি সিয়াম-ফারিয়ার ‘অপারেশন সুন্দরবন’। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেছেন, এই দুই সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক ফেরার ধারাবাহিকতায় ভালো ভূমিকা রাখবে।

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে পর্দায় এসে দর্শকে চমকে দিয়েছেন গুণী অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত প্রতিটি চলচ্চিত্রই আলোচিত। সেই জয়া এবার পর্দায় আসছেন সার্কাস টিম নিয়ে। তার দলের নাম ‘বিউটি সার্কাস’। এর প্রধান চরিত্র বিউটি; যাতে অভিনয় করেছেন জয়া। সঙ্গে আছেন ফেরদৌস আহমেদ। তার অভিনয়ের ভক্তও কম নয়। জয়ার এবং ফেরদৌস দুই বাংলায় সমান জনপ্রিয়। সরকারি অনুদানের ছবিটি মুক্তি পাবে আজ। হল সংখ্যা ১৯। এতে একাধিক রূপে দেখা যাবে জয়াকে। সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘সিনেমায় বিউটির যে গ্ল্যামার্স, তা কিন্তু কখনই আকর্ষণ করেনি আমায়। এখানে তার (বিউটি) চরিত্রটি টেনেছে আমায়। এখানে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়েছে আমাদের। সিনেমার আর্টিস্ট কিংবা সার্কাসের আর্টিস্ট, কারোরই নিরাপত্তা থাকে না। কেবল আমিই নয়। আমাদের সঙ্গে সত্যিকার অর্থেই একটি সার্কাসের টিম ছিল। তাদের কাছ থেকে তাৎক্ষণিক শিখে শিখে আমরা কাজ করেছি। এতে নানা রকম ঘটনা ঘটেছে। উত্তেজনাও ভীষণ রকম ছিল। এগুলো হচ্ছে আমার কাছে রোলার কোস্টারে না বুঝে চলে যাওয়ার মতো বিউটি সার্কাসের পুরো সিনেমা। এই যে খেলাগুলো আমি খেলেছি, না বুঝেই আমি করে ফেলেছি।’ ছবির পরিচালক মাহমুদ দিদার। তিনি বলেন, “মুক্তির আগেই ‘বিউটি সার্কাস’ নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। চলচ্চিত্রটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই আগামীকাল (আজ) শেষ হচ্ছে। আশা করছি, আমাদের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এই দারুণ চলচ্চিত্রটি দর্শক উপভোগ করবেন হলে গিয়ে।” ২০১৪-১৫ সালে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমার পোস্টার ৩১ আগস্ট রাতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর প্রচার শুরু হয়। ২০১৭ সালে এর নির্মাণ শুরু হলেও সম্পন্ন করতে সময় লাগে প্রায় পাঁচ বছর। ‘বিউটি সার্কাস’-এ জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন এবিএম সুমন, ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধু, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, মানিসা অর্চি প্রমুখ।

একই দিনে মুক্তি পাওয়া অন্য ছবিটিও আছে আলোচনায়। এর আগে দুবার মুক্তির দিনক্ষণ ঠিক করেও সেখান থেকে পিছিয়ে এসেছিলেন চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালক। তবে এবার সব কিছুই চূড়ান্ত। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন বাঁচানো লড়াই দেখা যাবে এতে। একসময় যেখানে ছিল দস্যুদের অবাধ বিচরণ; যার ফলে সাধারণ মানুষের ভয় ছিল এই বন নিয়ে। সেই সুন্দরবন দস্যুমুক্ত। র‌্যাবের ক্রমাগত সাঁড়াশি অভিযানের ফলে এটা সম্ভব হয়েছে। র‌্যাবের এই সাফল্যগাথার রোমাঞ্চকর উপাখ্যান তুলে ধরার জন্য ‘র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। পরিচালক দীপংকর দীপনের পরিচালনায় বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে এটি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির টিজার প্রকাশনা অনুষ্ঠান করা হয়। সেদিন ছবির টিজারে ‘সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে, এবার আমরা সুন্দরবনকে বাঁচাব’ এমন সংলাপ দেখে চমকে ওঠেন অনেকেই। সবাই মত দেন, চলচ্চিত্রের পর্দায় অন্যরকম এক সুন্দরবনকে তুলে ধরার চেষ্টা করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপন। সিনেমার অভিনয়শিল্পীরা হলেন- সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ। নুসরাত ফারিয়া বলেন, ‘হলে গিয়ে সিনেমাটি দেখবেন সবাই। নতুন একটা গল্প পাবেন আপনারা।” সিয়াম আহমেদ বলেন, “আমাদের অনেক দিনের পরিশ্রমের ফল ‘অপারেশন সুন্দরবন’। যেখানে আমরা শুটিং করেছি অর্থাৎ সুন্দরবন সেখানে আগে শুটিং করার কোনো রেফারেন্স ও অভিজ্ঞতা ছিল না আমাদের। দাঁড়িয়ে থাকাটা কষ্টের ছিল। অফিসিয়াল ডেকোরাম মেইন্টেইন করে বুট ও আর্মস নিয়ে অ্যাকশন সিকোয়েন্স কন্টিনিউ করা খুব চ্যালেঞ্জিং ছিল। সুন্দরবনকে আমরা আমাদের সিনেমায় ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102