শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে ‘বিশ্ব শান্তিতে বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক শান্তি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু বিশ্ব শান্তির অগ্রদূত। বৈশ্বিক শান্তির প্রতি ছিল তার অকুণ্ঠ সমর্থন। তাই বিশ্ব শান্তিতে বাংলাদেশের ভূমিকা বৈশ্বিক শান্তির প্রতি বঙ্গবন্ধুর অবস্থান থেকেই অনুপ্রেরণা পায়। জনগণকে ক্ষুধা, দারিদ্র্য, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত করে শান্তি, সাম্য, গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। জনগণের জন্য তার রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামের কেন্দ্রবিন্দুতে ছিল শান্তির ধারণা।

‘১৯৭২ সালের সংবিধানের চারটি মূল নীতিতে এ ধারনাগুলোই প্রতিফলিত হয়েছে ও সুবিধাবঞ্চিতদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই সংবিধানের সফল প্রতিপালন সম্ভব।’

তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় যেমন কূটনীতিকদের ভূমিকা রয়েছে, তেমনি সংসদ সদস্যরাও সংসদীয় কূটনীতির চর্চা করেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মতো বিভিন্ন ফোরামে তারা জলবায়ু পরিবর্তন, লিঙ্গ বৈষম্য নিরসন, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় আলোচনার মাধ্যমে দেশের প্রচলিত আইন এবং নীতিগুলিকে তুলে ধরেন।

শিরীন শারমিন বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রমগুলোতে বাংলাদেশের প্রশংসনীয় অবদান রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ শান্তি ও সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে।

সেমিনারে ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা’ বিষয়ে বক্তব্য রাখেন-বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ‘বিশ্ব শান্তি সংরক্ষণে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের ৫০ বছর’ সম্পর্কে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত শহীদুল হক। এছাড়া বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102