বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: অবশেষে ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে সাবিনা-কৃষ্ণা-স্বপ্নারা। ভারতকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের রক্ষণভাগের কঠিন পরীক্ষায় নিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের সপ্তম মিনিটেই ভারতের জালে বল জড়ায় বাংলাদেশ। কিন্তু ফাউলের কারণে গোলটি বাতিল হয়।

তবে খানিক বাদে ম্যাচের ১১তম মিনিটে ভারতের জালে বল জড়ান সিরাজ জাহান স্বপ্না। সাবিনা খাতুনের লম্বা পাস ধরে কৃষ্ণা রানী সরকার বল ঠেলে দেন স্বপ্নাকে। স্বপ্নার বাঁ পায়ের প্লেসিং শটে গোল উল্লাসে মেতে উঠে বাংলাদেশ দল।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা। থ্রো ইন থেকে আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের ভেতর বলের নিয়ন্ত্রণ রাখেন কৃষ্ণা। বাঁ প্রান্ত ধরে তার কোনাকুনি শট থামাতে ব্যর্থ হন ভারতীয় গোলরক্ষক। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজ জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধে ভারতের উপর আরও চড়াও হয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৫৩তম মিনিটে ভারতের জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন স্বপ্না। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রসঙ্গত, আগামী ১৬ সেপ্টেম্বর সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ভারত লড়বে স্বাগতিক নেপালের বিপক্ষে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102