

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি ও ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে বঙ্গভবনে দূতদ্বয় পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রপতির কাছে প্রথমে ইরানের রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। এরপর পরিচয়পত্র পেশ করেন ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত।
ইরানের রাষ্ট্রদূতের পরিচয় পেশকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন, নতুন দূতের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।

রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ ও ওআইসিতে জোরালো সমর্থনের জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ব্রাজিলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ।
দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। ওষুধ ও তৈরি পোশাকসহ বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য আমদানির জন্য ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে ইরান ও ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম