বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

কৃষ্ণ প্রেমের টানে রাজপথে জন্মাষ্টমীর মিছিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। অর্ধরাত্রিকাল সময় রোহিণী নক্ষত্র উঠলো। সঙ্গে সঙ্গে প্রকৃতি মাতা তাঁর ভাণ্ডার উন্মোচন করে দিলেন।

শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রাজধানীতে বয়ে যায় আনন্দের ফল্গুধারা। বিকেলে রাজধানীর পলাশীর চত্বরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২২ এর অংশ হিসেবে ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত ‘ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল’ পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় উদ্বোধনী বক্তব্যে রাখেন তিনি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র‌্যালিটি পলাশী-জগন্নাথ হল কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা কয়েক লাখ মানুষের অংশগ্রহণে পরিণত হয় মিলনমেলায়। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেচে গেয়ে বাদ্য বাজনা বাজিয়ে মহাশোভাযাত্রা রাজপথ পরিভ্রমণ করে। শিশু, মহিলা, বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের ছিল সরব অংশগ্রহণ, যেন কৃষ্ণ প্রেমের এক অদৃশ্য টানে ছুটে চলেছেন তারা শেকড়ের সন্ধানে।

প্রধান অতিথির বক্তৃতায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার মাইনরিটিবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় আসার পর থেকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুর্গাপূজা উৎসবসহ সকল আয়োজন সুন্দরভাবে পালিত হয়েছে।

যারা মন্দিরে হামলা করে তারা কোনো দলের নয়। তারা দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। সংগ্রাম করেছেন। আপনাদের অধিকার সমান। আপনাদেরকে বঞ্চিত করার সুযোগ কারো নেই। শুধু চিনে রাখবেন সাম্প্রদায়িক দোসরদের। বিএনপি এদের উস্কানি দেয়, মদদ দেয়। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রাখা হবে। মেয়র বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে সারাবিশ্বের মধ্যে একটি উদার নজির।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব এর সূচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই নজির সৃষ্টি করে – বাংলাদেশকে সারাবিশ্বের মাঝে একটি ধর্ম নিরপেক্ষ দেশের রোল মডেলে পরিণত করেছেন। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখব। মেয়র এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন।

গীতাযজ্ঞের মাধ্যমে শুক্রবার জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। যতাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং পূজা আর্চনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102