রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে আবারো সাংবাদিকের ওপর হামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাত্র চার দিনের ব্যবধানে আবারও হামলার শিকার হলেন সাংবাদিকেরা। নগরীর জেলা জজ আদালতে আইনজীবীদের হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে আদালত প্রাঙ্গণে তাদের ওপর এ হামলা চালায় আইনজীবীরা।

এরআগে গত ১৩ আগস্ট নগরীর নিউমার্কেট মোড়ে ছাত্র ইউনিয়ন-যুব ইউনিয়নের একটি প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সংবাদ ও ছবি সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের উশৃঙ্খল নেতাকর্মীদের হাতে ব্যাপক মারধরের শিকার হন ভোরের কাগজ চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার প্রীতম দাশ। মাথায়-বুকে আঘাত নিয়ে প্রীতম এখনও চিকিৎসাধীন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে হামলা-নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। তারা ক্ষোভের সঙ্গে এসব ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি তারা এও বলেছেন যে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তারা এ ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

যমুনা টিভি চট্টগ্রাম অফিসের প্রধান জামশেদ চৌধুরী ভোরের কাগজকে জানান, বুধবার চট্টগ্রাম জেলা জজ আদালতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ হামলার শিকার হন তারা। আদালত চত্বরে উঠতেই প্রথমে এক দফা হামলা চালানো হয়। পরে আইনজীবী সমিতির অফিসে নিয়ে গিয়ে ১০-১৫ জন একযোগে লাথি কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে দুই সাংবাদিক মাটিতে পড়ে যান। খবর পেয়ে দ্রুত অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী বলেন, কোনো কারণ ছাড়াই এ রকম ন্যক্কারজনক হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত এসব ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে কর্মসূচি দেব।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম বলেন, এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার পর আমি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, এটি সমাধান হয়েছে। আমি বলেছি, যেহেতু সরাসরি হামলা করা হয়েছে তাই আপসের সুযোগ নেই। দোষীদের শাস্তি পেতেই হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102