

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। বিভিন্ন দেশের মতো ভারতেও ছড়িয়ে পড়েছে এই রোগ। তবে এবার এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দেশটির কেরালা রাজ্যের এক যুবকের। সম্ভাবত এটিই ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু। আর আফ্রিকার বাইরে চতুর্থ।
শনিবার এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, যিনি মারা গেছেন তার বয়স মাত্র ২২ বছর। মাঙ্কিপক্সের কোনো লক্ষণও ছিল না তার। শনিবারই বিদেশ থেকে তার আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে জানা গেছে, তার রিপোর্ট ছিল পজিটিভ। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ওই যুবক কেরালায় ফিরেছিলেন।
তার পর কয়েক দিন ধরেই হাসপাতালে ছিলেন তিনি। কেরালার স্বাস্থ্য দপ্তর তার শরীরের নমুনা পরীক্ষা করে।
বিদেশেও ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। তার শরীরের নমুনা পরীক্ষা হয়েছিল। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে ততদিনে তিনি কেরালায় চলে এসেছিলেন।
মন্ত্রীর বক্তব্য, শরীরে এনসেফ্যালাইটিস এবং ক্লান্তির কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা বেশ কম। সেই জন্য মৃত্যু কীভাবে হলো, তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।
২৬ জুলাই জ্বর এসেছিল ওই যুবকের। তারপরই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে আবার তাঁকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। আমিরাত থেকে কেরালায় আসার আগে তিনি একটি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। ওই পরীক্ষাতেই তার মাঙ্কিপক্স ধরা পড়েছে।
মাঙ্কিপক্সে মৃত্যুর ক্ষেত্রে শেষকৃত্যে কিছু বিধিনিষেধ আছে। সেই নিয়মকানুন মেনেই তাকে কবর দেওয়া হয়েছে। এই কদিন ওই যুবকের সঙ্গে যাদের খুব কাছ থেকে যোগাযোগ হয়েছিল, তাদের সবাইকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম