

স্টাফ রিপোর্টার: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
পরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও শোক জানিয়েছেন। শোকবার্তায় ড. হাছান বলেন, দৈনিক খবর থেকে শুরু করে সমকাল, কালের কন্ঠসহ বিশিষ্ট বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদনা করেছেন তিনি। সবশেষে দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অমিত। তার অকাল মৃত্যু দেশের সাংবাদিকতা জগতে এক বেদনাবিধুর অধ্যায়। নিবেদিতপ্রাণ এ সাংবাদিকের কর্মময় জীবন থেকে অনেক কিছু শেখার আছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত হাবিব। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাতে অফিসে কর্মরত অবস্থায় স্ট্রোক করেন তিনি। সেখান থেকে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় প্রখ্যাত এই সাংবাদিককে। সাত দিনের জীবন যুদ্ধ শেষে অবশেষে পরপারে পাড়ি জমিয়েছেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম