

জোবায়ের আহমদ: আগামীকাল (২৭ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন -২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসান মঙ্গলবার (২৬ জুলাই) শ্রীমঙ্গল পৌরসভাস্থ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি ভোটার, বিভিন্ন প্রার্থীর এজেন্ট, ভোটগ্রহণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিজাইডিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক এসময় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- কালিঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেশব বারই, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক পরিমল দাশ, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সোহেল কানু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টার পর মৌলভীবাজার জেলার নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেনের কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। ২৭ জুলাই এই উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ভোটগ্রহণ করা হবে ইভিএমে।
প্রসঙ্গতঃ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা গত বছরের ৯ সেপ্টেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়।